ব্যাংককে লাকী আখান্দের চিকিৎসা শুরু
গুরুতর অসুস্থ সংগীতকার লাকী আখান্দকে ব্যাংকক নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাংকক এয়ারওয়েজের একটি বিমানে করে তাঁকে ব্যাংকক নেওয়া হয়। যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে সেখানকার পায়থাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরই মধ্যে তাঁর শরীরের সিটিস্ক্যানও করানো হয়েছে। ব্যাংকক থেকে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন তাঁর বড় মেয়ে মাম মিনতী।
এদিকে, লাকী আখান্দের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা থেকে তাঁর পরিবারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে পানি জমেছিল। ইতিমধ্যেই পানি অপসারণ করা হয়েছে। কাল শনিবার থেকে অন্যান্য চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে।
অসংখ্য বাংলা গানের সুরস্রষ্টা লাকী আখান্দের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি চিঠি পাঠান তাঁর শুভাকাঙ্ক্ষীরা। চিঠির আশ্বাসের ওপর ভিত্তি করে তাঁকে ব্যাংকক পাঠানো হয় বলে জানান লাকী আখান্দ পরিবারের ঘনিষ্ঠ একজন।
হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে গেলে গত ১ সেপ্টেম্বর লাকী আখান্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। ব্যাংকক যাওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
‘আমায় ডেকো না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কে বাঁশি বাজায় রে’—এমন অনেক জনপ্রিয় গানের সুরস্রষ্টা লাকী আখান্দ।