ব্যায়ামবীর বয়াতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক খুলতেই দেখা মিলল কুদ্দুস বয়াতির। কিন্তু এ কোন রূপ তাঁর? স্বভাবতই তাঁকে সবাই গেরুয়া পোশাকে, একতারা-দোতারা হাতে দেখে অভ্যস্ত। কিন্তু গত বুধবার কুদ্দুস বয়াতির দেখা গেল নতুন রূপ। ব্যায়ামাগারে কসরতে ব্যস্ত এই শিল্পী। বয়াতির ছেলে ইলিয়াস কুদ্দুস তাঁর বাবার একটি ৩০ সেকেন্ডের ব্যায়ামের ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানেই দেখা গেছে, কালো ট্রাউজার আর গেঞ্জি পরে চেস্ট ফ্লাই মেশিন ব্যায়াম করছেন বয়াতি।
কুদ্দুস বয়াতির শরীরচর্চা দেখে আগ্রহ জাগল। যোগাযোগ করা হলে তিনি জানান, এটা তাঁর রোজকার অভ্যাস। রাজধানীর শেওড়াপাড়ার একটি জিমে নিয়মিত বাবা-ছেলে মিলে ব্যায়াম করেন তাঁরা। ৩০ বছর ধরে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন কুদ্দুস বয়াতি। যোগব্যায়াম করেন প্রায় ৪০ বছর ধরে। কুদ্দুস বয়াতি বলেন, ‘আজ পর্যন্ত হালকা জ্বর-সর্দি ছাড়া কোনো বড় অসুখে ভুগি নাই। এর কারণ একটাই, আমার এই চর্চা। সবাই ভাবতে পারে আমি বুঝি এইটা নতুন শুরু করেছি। কিন্তু না, এটা আমার অনেক দিনের অভ্যাস। তবে এখন প্রীতমের সঙ্গে মিলে হিপহপ “আসো মামা হে” গানের পর এই সময়ের ছেলেমেয়েরা আমাকে আরও পছন্দ করতে শুরু করছে। তাই আমার ছেলেকে বলে এই ভিডিওটা তৈরি করলাম। তাঁরা এটা দেখে কিছু শিখলে তা আমার জন্য বড় পাওয়া।’
কিছুদিন আগে ‘আসো মামা হে’ গান দিয়ে আলোড়ন তোলেন কুদ্দুস বয়াতি। প্রীতম হাসানের করা সেই গানে কুদ্দুস বয়াতির ‘হিপহপ’ সাজ-পোশাক অনেককেই বিনোদিত করেছিল। এবার তাঁর এই ভিডিওটিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। কুদ্দুস বয়াতি বলেন, ‘এটা শরীরচর্চার ভিডিও ছিল। সামনে একটা যোগব্যায়ামের ভিডিও বানাব।’

জিমে ব্যস্ত কুদ্দুস বয়াতি
জিমে ব্যস্ত কুদ্দুস বয়াতি