বড় চমক ওজাস অধিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজাস অধিয়া
ওজাস অধিয়া

মাত্র ২৯ বছর বয়স তাঁর। কিন্তু এরই মধ্যে সবার নজর কেড়েছেন তরুণ তবলাশিল্পী ওজাস অধিয়া। সিঙ্গাপুরে আয়োজিত সাউথ এশিয়ান ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যালে অনেক শিল্পীই সংগত করতে চাইলেন তাঁর সঙ্গে।

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের মাস্টারকার্ড থিয়েটারে ব্লুজ কমিউনিকেশনস আয়োজিত এ উৎসব শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। প্রথম দিন তিনি সংগত করেছেন আফগানিস্তানের শিল্পী হুমায়ুন সাখির রবাব ও কৌশিকী চক্রবর্তীর কণ্ঠসংগীতের সঙ্গে। দ্বিতীয় দিনে তিনি সংগত করেছেন সিঙ্গাপুরভিত্তিক ভারতীয় কণ্ঠসংগীতশিল্পী সাওয়ানি শিন্দের সঙ্গে। এদিন শুভেন্দ্র ও সাস্কিয়া রাওয়ের সেতার-চেলোর যুগলবন্দীতে তিনি সঙ্গ দেন। তৃতীয় দিন দীপক পণ্ডিতের বেহালার সঙ্গে মঞ্চ মাতান ওজাস।

আজ উৎসবের শেষ দিনে কিংবদন্তি সেতারশিল্পী ওস্তাদ বিলায়েত খাঁর ছেলে ওস্তাদ সুজাত খাঁর সেতারে সংগত দেবেন ওজাস।

শ্রোতাদের মুহুর্মুহু করতালিতে ওজাসের পা কখনোই আকাশে ওঠে না। তরুণ এ সংগীতশিল্পীর বিনয় দেখলে আশ্চর্য হতে হয়। কত শ্রোতা সরাসরি তাঁর পরিবেশনার প্রশংসা করলেন, যেগুলোতে তিনি প্রধান শিল্পীও ছিলেন না, তবু ওজাস মাথা নত করে কেবল ধন্যবাদ জানান। নিজের পরিবেশনার পর শ্রোতাসারিতে বসে অন্য কলাকারদের পরিবেশনা শুনতে বসে যান তিনি।

এরই মধ্যে ওজাস তবলা বাজিয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিরা, ওস্তাদ রশিদ খাঁ, পণ্ডিত সতীশ ব্যাস, ওস্তাদ রইস খাঁ, বেগম পারভীন সুলতানা, আশা ভোঁসলে, ড. এন রাজন, পণ্ডিত বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে।

বিনয়ী ওজাস এখনো মনে করেন, এখনো অনেক পথ বাকি। সবে তো শুরু। বলা বাহুল্য, ওজাস অধিয়া ঠিক পথেই আছেন।