ভক্তদের চমকে দিলেন জ্যানেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যানেট জ্যাকসন
জ্যানেট জ্যাকসন

সম্প্রতি মার্কিন পপসংগীত তারকা জ্যানেট জ্যাকসনের অ্যালবাম দেখতে ‘মাই মিউজিক ভিআইপি জ্যানেটস মিউজিয়াম’-এ গিয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু সেখানে হঠাৎ​ নড়ে ওঠা জ্যানেট জ্যাকসনের মূর্তিকে দেখে তাঁরা প্রথমে রীতিমতো চমকেই উঠেছিলেন। অবশ্য, এর একটু পরেই উপস্থিত ভক্তদের বিষয়টা খোলাসা করেন জ্যানেট জ্যাকসন। আসলে তাঁদের চমকে দেওয়ার জন্যই মূর্তি সেজে কালো কনসার্টের পোশাক পরানো তাঁরই একটি প্রতিমূর্তির (ম্যানিকিন) পাশে দাঁড়িয়ে ছিলেন এই গায়িকা। আর ভক্তেরা যখন টের পেয়েছিলেন যে এটা কোনো মূর্তি নয় বরং তাঁদের প্রিয় তারকাই তাঁদের চমকে দেওয়ার জন্য মূর্তি সেজে দাঁড়িয়ে আছেন! তখন তাঁদের আনন্দ আর উচ্ছ্বাস ছিল দেখার মতো।

জ্যানেটের এই চমকে দেওয়ার বিষয়টির ভিডিওচিত্র ধারণ করেছে এন্টারটেইনমেন্ট টুনাইট। তাদের ধারণ করা ভিডিওচিত্রে উপস্থিত এক জ্যানেট ভক্তকে বলতে শোনা গেছে, জ্যানেট আমরা তোমাকে ভালোবাসি। আরেকজন ভক্ত বলছিলেন, আমি তাঁকে দেখে বলছিলাম, ওহ্‌ ঈশ্বর! এ তো তিনিই!

ভিডিওচিত্রটির আরেক অংশে দেখা গেছে, মার্কিন এই পপ সংগীত গায়িকা তাঁর ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, হাত মেলাচ্ছেন এবং তাঁদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন।

সে সময় জ্যানেট জ্যাকসন তাঁর ভক্তদের নতুন অ্যালবাম ‘আনব্রেকেবল’ সম্পর্কে বলেন, এটা আমার প্রিয় অ্যালবাম। এর প্রচ্ছদ, এ অ্যালবামের নাম সবকিছুই। হাফিংটনপোস্ট।