ভক্তের জন্য সুইফটের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলর সুইফট
টেলর সুইফট


প্রিয় তারকার জন্য ভক্তরা কত কিছুই না উপহার পাঠান। এ আর নতুন কি? কিন্তু যখন প্রিয় তারকা ভক্তকে উপহার পাঠান, তখন ভক্তের অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো হয় না। এমন ঘটনা ঘটেছে মার্কিন সংগীত তারকা টেলর সুইফটের ভক্তের ক্ষেত্রে।

অ্যাশলি সিলভারস নামের এক শিক্ষার্থী তাঁর গ্র্যাজুয়েশন পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন প্রিয় সংগীত তারকা টেলর সুইফটকে। কিন্তু ব্যস্ততার কারণে সুইফট অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না জানিয়ে অ্যাশলিকে কিছু কথা লিখে একটি কার্ড পাঠিয়েছেন। আর সেই সঙ্গে এক গুচ্ছ ফুলের তোড়া। যাক, সুইফট উপস্থিত হতে না পারলেও অ্যাশলির দুঃখটা একটু হলেও কমেছে।
অ্যাশলি তাঁর টুইটারে ফুল আর কার্ডের ছবি দিয়ে লিখেছেন, ‘আমি আমার গ্র্যাজুয়েশন পার্টিতে টেলরকে নিমন্ত্রণ করেছিলাম। আর ও আমাকে এই ফুল আর কার্ড পাঠিয়েছে। আমি ভালোবাসি তোমায় টেলর সুইফট।’

সুইফটের দেওয়া ফুল আর কার্ডসহ ভক্তের ইনস্টাগ্রাম পোস্ট
সুইফটের দেওয়া ফুল আর কার্ডসহ ভক্তের ইনস্টাগ্রাম পোস্ট

অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না বলে ‘১৯৮৯’ তারকা প্রিয় ভক্তকে লিখেছেন, ‘প্রিয় অ্যাশলি, আমি খুবই দুঃখিত যে তোমার গ্র্যাজুয়েশন পার্টিতে আসতে পারছি না!’ তিনি আরও লেখেন, ‘আমি তোমাকে নিয়ে, তোমার কঠোর পরিশ্রম, তোমার উৎসর্গ, তোমার উচ্ছ্বাস এবং তোমার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খুব গর্বিত। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন মেয়ে আমার প্রতি যত্নশীল।’ অ্যাশলি ও তাঁর পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে টেলর সুইফট লেখা শেষ করেন। সুইফটের আটটি কনসার্ট দেখা অ্যাশলি ইনস্টাগ্রামেও ফুল-কার্ডের ছবি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় তারকাকে।
টেলর সুইফট কিন্তু এর আগেও ভক্তদের চমকে দেওয়ার মতো কাজ করেছেন। এটাই প্রথমবার নয়। এর আগে ম্যাক্স সিঙ্গার নামের এক ভক্তর বিয়েতে না জানিয়ে উপস্থিত হয়েছিলেন, তাঁর ‘ব্ল্যাঙ্ক স্পেস’ গানে নাচতে নাচতে! সুইফটের এক সূত্র জানায়, তিনি ভক্তদের চমকে দেওয়ার মতো কাজ করতে ভালোবাসেন। অপেক্ষায় থাকুন, কে জানে সুইফটের পরের চমক আপনার জন্যই কি না! পিপল