ভক্তের দেওয়া নামে কুমার বিশ্বজিতের অ্যালবাম

নতুন অ্যালবামের জন্য নাম আহ্বান করে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তা আপলোড করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এই ভিডিও বার্তার অভাবনীয় সাড়া পেয়েছেন তিনি। আর সেখান থেকেই বাছাই করেছেন নিজের অ্যালবামের নতুন নামটি। সে হিসেবে কুমার বিশ্বজিতের নতুন অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘প্রেমান্ত’। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছেন এই শিল্পী।
শুরুর দিকে কুমার বিশ্বজিৎ তাঁর দ্বৈত গানের অ্যালবামের নাম রেখেছিলেন ‘বসন্তের বন্যা’। এরপর হঠাৎ তাঁর মাথায় এসেছিল, অ্যালবামের সঙ্গে ভক্তদের একটা যোগসূত্র কীভাবে রাখা যায়। যেই ভাবা সেই কাজ।
এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেছেন, ‘একটি শব্দে পুরো অ্যালবামের ভাবটা যাতে প্রকাশ করা যায়, এমন একটি নাম খুঁজছিলাম। ভাবলাম, ফেসবুকের সাহায্য নেওয়া যায়। এরপর নাম আহ্বান করে ফেসবুকে একটি ভিডিও আপলোড করি। অসংখ্য নাম পেয়েছি। সবগুলো নামই খুব চমৎকার। এসবের মধ্য থেকে “প্রেমান্ত” নামটি অ্যালবাম-সংশ্লিষ্ট সবারই বেশ পছন্দ হয়েছে। আর এ নামটি যাঁর কাছ থেকে পাওয়া গেছে, তাঁকে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে এবং তাঁর জন্য থাকবে পুরস্কারও।’
কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, ‘প্রেমান্ত’ অ্যালবামটিতে গান রয়েছে মোট আটটি। কাল থেকে ধারাবাহিকভাবে দুটি করে গান ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে।’ তিনি বলেন, ‘১৩ তারিখের মধ্যে আটটি গান প্রকাশ করে এবারের ভালোবাসা দিবসে দুটি ভিডিওসহ সিডি আকারে অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।’
তিনি এ-ও বলেন, ‘আমরা যখন দেশে কিংবা দেশের বাইরে গান গাইতে যাই, তখন দ্বৈত গান নিয়ে একটি অন্য রকম আগ্রহ দেখতে পাই। চলচ্চিত্রের গান ছাড়া সেই অর্থে আমার কোনো দ্বৈত গান নেই। তাই মনে হলো, একটি দ্বৈত গানের অ্যালবাম করলে মন্দ হয় না।’
‘প্রেমান্ত’ অ্যালবামে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব কটি গানের সুর ও সংগীতায়োজন করছেন কুমার বিশ্বজিৎ নিজেই। আর এই অ্যালবামে কুমার বিশ্বজিতের সঙ্গে দ্বৈত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতা।
এদিকে নিজের ‘প্রেমান্ত’ ছাড়াও আরও তিনটি মিশ্র অ্যালবামে থাকছে কুমার বিশ্বজিতের গান। এরই মধ্যে তিনি দুটি গান গেয়েছেন কিশোর এবং জয় শাহরিয়ারের সুর ও সংগীতে। কাল সোমবার গাইবেন সুমন কল্যাণের সুর ও সংগীতে নতুন আরও একটি গান।