ভক্তের ভালোবাসায় সিক্ত গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
লেডি গাগা

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছিল লেডি গাগার কনসার্ট। এমন সময় একটি চিরকুট এসে পড়ল তাঁর সামনে। জন ম্যাকমিলানের লেখা সেই চিরকুট তুলে নিলেন গাগা। পড়লেন ১৪ হাজার ভক্তের সামনে। এরপর নিজেই আবেগের জোয়ারে ভাসলেন। চিরকুটে ম্যাকমিলান লিখেছেন তাঁর প্রয়াত মায়ের কথা, যিনি এই পপস্টারের অনেক বড় একজন ভক্ত ছিলেন এবং মৃত্যুর আগে তাঁর গান তাঁকে শান্তি দিয়েছিল। এ কথা ছুঁয়ে গেল ২৮ বছর বয়সী গাগার মন। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘সংগীত সৃষ্টির শুরু থেকেই ঈশ্বর আমাকে আমার ভক্তদের সঙ্গে বেঁধে ফেলেছেন। এমন ঘটনা শুনতে পাওয়া আমার জন্য অনেক বড় এক পাওয়া। আমি আশা করি, এই ছেলেটির সাহসিকতা আপনাদের সবাইকে ছুঁয়ে গেছে, কারণ এটা আমাকেও ছুঁয়ে গেছে।’
এরপর গাগা ছেলেটিকে মঞ্চে ডেকে নিয়ে নিজের দুটি পছন্দের গান উৎসর্গ করেন এবং কনসার্ট শেষে মঞ্চের পেছনে দেখা করতে বলেন। বিস্ময়ের ঘোর না কাটতেই ছেলেটি জানান, ‘বিশ্বাসই হচ্ছে না আমার! এটা কি বাস্তব?’ ইন্ডিয়ান এক্সপ্রেস।