
প্রায় তিন দশক ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে একটা দীর্ঘশ্বাস বর্তমান—১৯৮৭ সালের ২৮ ডিসেম্বর বিদায় নেন প্রতিভাবান তরুণ শিল্পী হ্যাপি আখান্দ্।
‘ওর কথা মনে হলে সবচেয়ে আগে মনে হয়, ওকে যথাযথ সম্মান দিতে পারিনি আমরা। কষ্টই দিয়েছি বেশি। ও ছিল সংগীত-অন্তঃপ্রাণ।’—বলছিলেন বড় ভাই লাকী আখান্দ্। হ্যাপির জন্ম এবং মৃত্যুদিনের দিনক্ষণটা খুব যত্ন করে মনে রেখেছেন তিনি। কিন্তু এখন তাঁর নিজের শরীরটা সায় দিচ্ছে না। শরীরের বেশ কিছু অংশ কাজও করছে না।
বুধবার বিছানায় শুয়ে শুয়েই স্মৃতির খাতার একের পর এক পৃষ্ঠা ওল্টান। ‘আমরা দুই ভাই অনেক গান করেছি একসঙ্গে। আমার সঙ্গে বাজাত হ্যাপি। ১৯৬৮ সালে বুদ্ধু অ্যান্ড কোং-এর বুদ্ধুদাকে দিয়ে একটা স্প্যানিশ গিটার বানালাম। ২৫০ টাকা দাম হলো সেটার। দুভাই মিলে সে গিটার নিয়ে কত গান যে করলাম!’
হ্যাপি আখান্দ্ অসম্ভব মেধাবী ও প্রতিভাবান একজন সংগীতশিল্পী ছিলেন। একাধারে পিয়ানো, গিটার, তবলায় অসামান্য পারদর্শী ছিলেন। আর ডি বর্মন, মান্না দের মতো গুণী শিল্পীরা হ্যাপি আখান্দের প্রশংসা করতেন। স্মৃতিচারণা করতে গিয়ে বড় ভাই লাকী আখান্দ্ বলেন, ‘১৯৭৫ সালে কলকাতায় এক বাসায় মান্না দের দেখা পেয়ে গেলাম। সঙ্গে ছিল হ্যাপির গাওয়া “আবার এল যে সন্ধ্যা” গানটির রেকর্ড। সেটা বাজিয়ে শোনালাম। মুগ্ধতা নিয়ে মান্না দে বললেন, “কে গাইছে?” বললাম, “হ্যাপি, আমার ছোট ভাই।” মান্না দে বললেন, “দারুণ গায়, চমৎকার থ্রোয়িং!”’
ছোট ভাই হ্যাপি আখান্দের মৃত্যুর পর লাকী অনেকটাই নীরব হয়ে যান। দীর্ঘ প্রায় এক যুগ সংগীত থেকে দূরে সরে ছিলেন। হ্যাপি আখান্দের একমাত্র একক অ্যালবাম শেষ উপহার তিনি রিমেক করেন ছোট ভাইয়ের স্মৃতির উদ্দেশে। গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর কথায় একই অ্যালবামে সংকলন করেন ‘হ্যাপি হারায়নি’ এবং ‘একটি নিষ্পাপ ফুল’ শিরোনামের দুটি গান।
হ্যাপির গানগুলোর মধ্যে ‘কে বাঁশি বাজায় রে’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘নীল নীল শাড়ি পরে’, ‘আমি আবার আসব ফিরে’, ‘চল যাই চলে দূরে বহুদূরে’, ‘সবাই যখন ঘুমে’সহ আরও বেশ কিছু গান। হ্যাপি আখান্দের সংগীতায়োজনে করা ‘এমন একটা মা দেনা’, ‘ইশকুল খুইল্যাছে রে মওলা’ ওই সময়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়।
লাকী আখান্দ্ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে চিকিৎসাধীন। আপাতত পুরান ঢাকার বংশালে নিজের বাসায় আছেন। অসুস্থতার কারণে শরীর দুর্বল। তবে থেমে থাকেনি চর্চা। বেশ কিছু নতুন গান বেঁধেছেন। এর মধ্যে একটি আছে ‘প্যালিয়েটিভ কেয়ার’-এ থাকা রোগীদের জন্য। কথায় কথায় জানালেন, ২৮ ডিসেম্বর হ্যাপির চলে যাওয়ার দিন। পাশাপাশি এই দিনে তাঁর ছোট ছেলে সভ্যর জন্মদিন। এবার দুই বছরে পড়েছে সভ্য। বললেন, সভ্যকে দেখে মনে হয় আমার হ্যাপি আবার ফিরে এসেছে।