ভাঙল সুরের খেলার মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চাঙ্গসংগীত উৎসবে গতকাল ভরতনাট্যম পরিবেশন করেন আলারমেল ভেল্লি l ছবি: সাবিনা ইয়াসমিন
উচ্চাঙ্গসংগীত উৎসবে গতকাল ভরতনাট্যম পরিবেশন করেন আলারমেল ভেল্লি l ছবি: সাবিনা ইয়াসমিন

সন্ধ্যা থেকে আর্মি স্টেডিয়ামে দর্শকসংখ্যা কম ছিল। তবে আয়োজক ও উপস্থিত সবাই নিশ্চিত, রাত বাড়লে দর্শক বাড়বে। কেননা, শেষ রাতে বাঁশি বাজিয়ে ভোরকে আমন্ত্রণ জানাবেন বাঁশির জাদুকর পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। তাঁর জন্য বাঙালির রয়েছে এক অন্য রকম ভক্তি। বাঁশির সুরের প্রতি কাতর বাঙালির আশঙ্কা, পরের বছরও আসবেন তো তিনি?
বিশ্ববাসী হয়তো ইতিমধ্যে জেনে গেছে বাংলাদেশের এই সংগীত উৎসবের কথা। গত পাঁচ রাত রাগাশ্রয়ী বাদ্য আর সংগীতে হৃদয় ডুবিয়ে হাজার হাজার মানুষ কাটিয়ে দিয়েছেন পাঁচটি রাত—এ কিন্তু বিস্ময়কর।
গতকাল মঙ্গলবার ছিল স্কয়ার নিবেদিত ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫’-এর শেষ রাত। অনুষ্ঠানের শুরুতে দেশ রাগে ধামার ও রাগ ভূপালিতে চতুরঙ্গ পরিবেশন করে সিলেটের দল গীতবিতান বাংলাদেশ। এরপর নাচ নিয়ে আসেন ভারতীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার আলারমেল ভাল্লি। রতি সুখসারী, উন্নুনীর ভিক্কিনান ও মুত্তাভাদ্দুরা পরিবেশন করেন তিনি। আভোগী রাগে নৃত্যলহরীর মধ্য দিয়ে শেষ হয় তাঁর পরিবেশনা। উৎসবের সমাপনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ এ সামাদ। অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ সরন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হাসান আবেদ বলেন, ‘এই উৎসব দেশে শুদ্ধ সংগীতের জাগরণ সৃষ্টি করেছে। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম উচ্চাঙ্গসংগীতের প্রতি আরও বেশি উৎসাহিত হবে।’
উৎসবের সমাপ্তি ঘোষণা করেন সমাপনী অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। ১৯৪৭ সালে পাঞ্জাবে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ওস্তাদ আবদুল করিম খাঁকে উদ্ধৃত করে তিনি বলেন, ভারতের ঘরে ঘরে যদি উচ্চাঙ্গসংগীতের চর্চা হতো, তাহলে এমন ঘটনা ঘটত না। সংগীতের মতো সুকুমারবৃত্তির চর্চা করলে মানুষ হিংসা-বিদ্বেষ ভুলে যায়। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর উচ্চাঙ্গসংগীত এ দেশে খানিকটা অবহেলিত ছিল। এই উৎসবের মধ্য দিয়ে সেই অবস্থার খানিকটা উন্নতি হতে শুরু করেছে। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
সমাপনী রাতে সুরবাহার বাজিয়ে শোনান কানাডাবাসী খ্যাতিমান শিল্পী ইরশাদ খান। খেয়াল গেয়ে শোনান সামিহান কশলকর, ওস্তাদ রশিদ খান, সেতার বাজান ওস্তাদ সুজাত খান।
মঙ্গলবারের প্রথম প্রহরে তবলার জাদুকর ওস্তাদ জাকির হোসেন শুরু করেন তিনতাল দিয়ে। এরপর একে একে ডমরুর আওয়াজ, লাহোরি গৎ, বন্ধুর সঙ্গে বন্ধুর কথোপকথন বাজিয়ে শোনান তিনি। দর্শক শক্ত হয়ে শুনতে থাকেন সেই বাদন। এসব শুনে এক সমঝদার শ্রোতাকে বলতে শোনা যায়, ‘তাঁর হাত দুখানা বিমা করানো আছে তো?’।