ভারতীয় গায়ক রূপঙ্করের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপঙ্কর বাগচী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিতর্ক যেন পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের গায়ক রূপঙ্কর বাগচীর। গত ৩১ মে কলকাতায় ছিল বলিউড গায়ক কে কের গানের অনুষ্ঠান। সেদিনই রূপঙ্কর ফেসবুক লাইভে এসে মন্তব্য করেন, ‘হু ইজ কে কে ম্যান?’ কাকতালীয়ভাবে সে রাতেই কনসার্ট শেষে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কে কে। ব্যস, আর যায় কোথায়। কে কে–ভক্তদের প্রবল তোপের মুখে পড়েন রূপঙ্কর। এমন মন্তব্যের জেরে কটাক্ষ, কটূক্তি, এমনকি হুমকি পর্যন্ত পেতে হয়েছে গায়ককে। পরে বিষয়টি নিয়ে নিঃশর্ত ক্ষমা চান, ফেসবুক থেকে ওই ভিডিও ডিলিট করেন। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিতর্কে ভারতের জাতীয় পুরস্কার পাওয়া গায়ক। এবার কাউকে নিয়ে মন্তব্য নয়; বরং তাঁর বিরুদ্ধেই উঠেছে গান চুরির অভিযোগ।

রূপঙ্কর বাগচী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আজ বৃহস্পতিবার কলকাতার নিউ টাউন থানায় রূপঙ্করের বিরুদ্ধে অভিযোগ করেন উঠতি সংগীতশিল্পী মনোরমা ঘোষাল। রূপঙ্কর ছাড়াও তাঁর অভিযোগ সংগীত পরিচালক পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও।
মনোরমার দাবি, গত বছরের নভেম্বরে তাঁর গানের শিক্ষকের মাধ্যমে পার্থর সঙ্গে যোগাযোগ হয়। এরপরই তাঁর সঙ্গে ‘সাগর তুমি কেন ডাকো’ নামের গানটি করেন তিনি। তখন প্রথম কিস্তিতে পার্থকে ১০ হাজার রুপিও দেন। ১২ ডিসেম্বর মুক্তি পায় গানটি। ২৮ হাজার রুপি দিয়ে পার্থর থেকে গানটি কেনেন তিনি। সব ঠিকঠাকই চলছিল। ঝামেলার সূত্রপাত এক সপ্তাহ আগে। মনোরমার দাবি, হঠাৎই ইউটিউব চ্যানেল থেকে গানটি তুলে নিতে বলেন পার্থ। কারণ, গানটি নাকি রূপঙ্করও গেয়েছেন। এরপরই থানায় অভিযোগের সিদ্ধান্ত নেন মনোরমা। আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, ‘নতুনদের সুযোগ দেওয়া উচিত। এই নীতিবিরুদ্ধ কাজ মনে নেওয়া যায় না।’

রূপঙ্কর বাগচী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ প্রসঙ্গে রূপঙ্কর পরিষ্কার করে কিছু বলতে পারেননি, ‘আমি এমন অনেক অ্যালবামে গান করি। যে চ্যানেল থেকে এই গান মুক্তি পেয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন।’
মনোরমার দাবি, গানটির জন্য ৪৮ হাজার রুপি খরচ হয়েছে তাঁর। গায়িকার অভিযোগ, রূপঙ্করের গান গত বুধবার মুক্তি পেয়েছে, সেখানে তাঁর গান ইউটিউবে আছে সেই ১২ ডিসেম্বর থেকে।

রূপঙ্কর বাগচী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ প্রসঙ্গে সংগীত পরিচালক পার্থ বলেন, ‘আইনগতভাবে মনোরমাকে গান বিক্রি করা হয়নি। উনি আমাকে পাঁচ হাজার রুপি দিয়েছিলেন। বাকি টাকা যদি কাউকে দিয়ে থাকেন, আমি বলতে পারব না। উনি ভালো করেন গাইতে পারেননি, তাই রূপঙ্করদার দ্বারস্থ হই। এখানে তাঁর (রূপঙ্কর) দোষ নেই।’

আরও পড়ুন