ভালো আছেন ন্যান্সি

ন্যান্সি এখন মোটামুটি সুস্থ। গতকাল সোমবার দুপুরে ন্যান্সির ভাই জনি জানান, ন্যান্সিকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। বিকেল সাড়ে চারটায় ন্যান্সির শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানার জন্য হাসপাতালে গিয়ে দেখা যায়, ন্যান্সি কেবিনে ঘুমাচ্ছেন। ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ জানান, ‘আমরা আসলে কেউই জানি না ন্যান্সি কেন এ ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন। তিনি পুরোপুরিভাবে সুস্থ হলে বিষয়টা তাঁর নিজের মুখ থেকেই জানা যাবে।’ ন্যান্সির ভাই জনি জানালেন, ‘ন্যান্সি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তবে কত দিন হাসপাতালে থাকতে হবে তা আমরা জানি না।’
ন্যান্সিকে এখন স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে। ন্যান্সির সর্বশেষ অবস্থা সম্পর্কে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফরহাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ন্যান্সির অবস্থা উন্নতির দিকে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন।
গত শনিবার মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে নেত্রকোনার একটি ক্লিনিকে ভর্তি করা হয় ন্যান্সিকে। পরে রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রোববার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এ হাসপাতালেই ন্যান্সির চিকিত্সা চলছে।