ভালো আছেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল আনন্দ
রাহুল আনন্দ

সড়ক দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী ও অভিনেতা রাহুল আনন্দ এখন ভালো আছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গানের দল জলের গানের সদস্য কনক আদিত্য জানিয়েছেন এসব তথ্য।
গত রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়েন জলের গানের সদস্য রাহুল আনন্দ। দুর্ঘটনায় তাঁর বন্ধু মোটরবাইকের চালক ফারুক তেমন আঘাত পাননি। তবে পাশ ঘেঁষে যাওয়া গাড়ির ধাক্কায় রাহুলের ওপর মোটরবাইকটি পড়ে গেলে আহত হন এই শিল্পী। এর পরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে পরে রাহুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে একটি অস্ত্রোপচার হয় তাঁর। রাহুল আনন্দের স্ত্রী ঊর্মিলা শুক্লা প্রথম আলোকে বলেন, ‘অপারেশন ভালো হয়েছে। চিকিৎসকেরা রাহুলকে দেখছেন। তবে এখনই বাড়ি ফেরার ব্যাপারে কোনো কিছু বলেননি।’
এদিকে রোববার রাহুল আনন্দের দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে নানা ধরনের বিভ্রান্তি। কনক আদিত্য এ নিয়ে বলেন, ‘আমিও শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি রক্ত সংগ্রহ নিয়ে অনেকে অনেক ধরনের পোস্ট দিয়েছিল। কিন্তু এ ধরনের কোনো সংকটে আমরা পড়িনি। তবে বন্ধু ও ভক্তদের এই সাড়া ও সহযোগিতায় আমরা আপ্লুত। কৃতজ্ঞ।’
রাহুল আনন্দের বর্তমান অবস্থা নিয়ে কনক বলেন, দুর্ঘটনায় রাহুলের ঊরুর ভেতরে মাংস থেঁতলে গিয়েছিল। এ জন্যই অস্ত্রোপচারটি করা হয়। এ ধরনের অস্ত্রোপচারের পর ইনফেকশনের শঙ্কা থাকে। তাই আপাতত দিন সাতেক চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে থাকতেই হবে। তবে রাহুল এখন ভালো আছেন। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন রাহুলকে হাসপাতালে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা যেন সীমাবদ্ধ থাকে। এতে করে ইনফেকশনের ভয় কম থাকবে।