ভালোবাসা দিবসে বালামের গান

ছয়টি গান নিয়ে ভালোবাসা দিবসে আসছে বালামের নতুন অ্যালবাম। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অ্যালবামটির কাজ শেষ করবেন তিনি। এরই মধ্যে তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি গানগুলোর কণ্ঠ ধারণের কাজই শুধু বাকি। তাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম আলোর সঙ্গে আলাপে গতকাল সোমবার এ তথ্যগুলো জানালেন বালাম।
ভালোবাসা দিবসে বালাম যে অ্যালবামটি নিয়ে শ্রোতাদের সামনে আসছেন, সেটি তাঁর পঞ্চম একক অ্যালবাম। তাঁর সর্বশেষ একক গানের অ্যালবাম ভুবন প্রকাশিত হয় তিন বছর আগে। বালাম বলেন, ‘যেহেতু ভালোবাসা দিবসে অ্যালবাম নিয়ে আসছি, তাই গানগুলোতে ভালোবাসার কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিছু গানের মধ্যে শ্রোতারা গল্পও পাবেন। আর গায়কিতে একধরনের পরিবর্তনও পাবেন। সব মিলিয়ে নতুন অ্যালবামের গানগুলো শ্রোতারা পছন্দ করবেন।’
এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া বালামের এই অ্যালবাম শুরুতে অনলাইনে প্রকাশিত হবে। রবি ইয়োন্ডার মিউজিক থেকে প্রকাশিত হতে যাওয়া এই অ্যালবামের গানের কথা লিখেছেন আশিক ইশতিয়াক। সব গানের সুর ও সংগীত পরিচালনা করছেন শিল্পী নিজে। ‘কী জ্বালা’ শিরোনামের একটি গানের সুর করেছেন কৌশিক হোসেন তাপস।
বালাম বলেন, ‘তিন বছর সময় নিয়ে গানগুলো তৈরি করেছি। বর্তমান সময়ের কথা চিন্তা করে সাউন্ডের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। প্রথম তিনটি অ্যালবামে অবশ্য পপ–ধারার গান বেশি করেছি। চার নম্বর অ্যালবাম থেকে সেই ধারার বাইরে বেরিয়ে এসেছি। নতুন কিছু করার চেষ্টা করেছি।’