ভালো নেই আবদুল জব্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল জব্বার
আবদুল জব্বার

‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’সহ অনেক গানের শিল্পী আবদুল জব্বার। মুক্তিযুদ্ধের সময়ে হারমোনিয়াম নিয়ে কলকাতায় বাংলাদেশি শিবির ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলোতে গান শুনিয়ে উদ্বুদ্ধ করেছেন তিনি। ভারতে বিভিন্ন জায়গায় গান করে তহবিল সংগ্রহ করেছিলেন।

আজ ভালো নেই শিল্পী আবদুল জব্বার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের কিডনি রোগ বিভাগের প্রধান অধ্যাপক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাঁর কোনো কিডনিই কাজ করছে না। ডায়ালাইসিস চলছে। কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছিল। পরিবার সিদ্ধান্ত নিতে দেরি করায় শিল্পীর অবস্থার অবনতি হয়। এ পরিস্থিতিতে আমরা বোর্ড গঠন করে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসার সিদ্ধান্ত নিই।’

শিল্পীর ছোট ছেলে বাবু জব্বার বলেন, ‘দেশের বাইরের কোনো হাসপাতালে বাবার কিডনি প্রতিস্থাপন করতে চাই। আমাদের আশা সবাই আব্বার অবদানের মূল্যায়ন করে পাশে দাঁড়াবেন।’

এদিকে শিল্পীর উন্নত চিকিৎসার জন্য অর্থনীতিবিদ আবুল বারকাত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে উপদেষ্টা এবং আলী আশরাফ আখন্দকে সদস্যসচিব করে ‘কণ্ঠশিল্পী মো. আবদুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’ গঠন করেছে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ। এই কমিটি দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানাচ্ছে। এ ছাড়া দর্শনীর বিনিময়ে চ্যারিটি শোর আয়োজন করার কথাও জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।