ভালোবাসার দিনে ইবরার টিপুর ভালোবাসার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবরার টিপু
ইবরার টিপু

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ইবরার টিপুর নতুন একক গানের অ্যালবাম। এরই মধ্যে চারটি গানের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এটি হবে তাঁর চতুর্থ একক অ্যালবাম। নাম ঠিক না হওয়া নতুন অ্যালবামটি কেমন হবে, জানতে চাইলে টিপু বলেন, ‘শুধু এটুকুই বলব, নতুন অ্যালবামের সবগুলো গানই ভালোবাসার। কথা ও সুরের ক্ষেত্রে বৈচিত্র্য অবশ্যই পাবেন। বরাবরের মতো এবারও মেলোডিকে প্রাধান্য দিচ্ছি।’
ইবরার টিপুর প্রথম একক গানের অ্যালবাম ‘চেনা-অচেনা’ প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর ছয় বছরের ব্যবধানে ২০১১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘চাই তোমায়’। আর চলতি বছর ‘জানে খোদা’ নামে তৃতীয় অ্যালবামটি প্রকাশিত হয়।
এদিকে ইবরার টিপু এখন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার প্রধান বিচারকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ধরনের রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করাটাকে নিজের জীবনের অন্যতম অর্জন মনে করছেন তিনি। তিনি বলেন, ‘শাহনাজ রহমতুল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীদের মতো গুণী শিল্পীদের সঙ্গে বসে বিচারকের দায়িত্ব পালন করার বিষয়টাতে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি।’