ভালোবাসার দিনে বাগদত্তা

এবারের ভালোবাসা দিবসটা লেডি গাগার জীবনে স্মরণীয় হয়েই থাকবে। কারণ বিশেষ দিনটিতে প্রেমিক মডেল ও অভিনেতা টেইলর কিনের কাছ থেকে বাগদানের আংটি পেয়েছেন ‘বর্ন দিস ওয়ে’খ্যাত এই গায়িকা। গাগাকে আজীবনের সঙ্গী হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দিয়েছেন টেইলর।
নিউইয়র্কে গাগার নিজস্ব রেস্তোরাঁয় ১৪ ফেব্রুয়ারি বাগদান পর্ব সেরেছেন গাগা ও টেইলর। পরে টেইলরের কাছ থেকে পাওয়া হৃদয় আকৃতির আংটির ছবি গাগা পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসে সে আমাকে তার হৃদয় দিয়েছে। আমি হ্যাঁ বলেছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইউএস ম্যাগাজিন।
২০১১ সালে লেডি গাগার ‘ইউ অ্যান্ড আই’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন টেইলর কিনে। তখনই গাগার সঙ্গে তাঁর পরিচয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। ২০১৩ সালে তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হলেও, পরে তা ঠিক হয়ে যায়।
সম্প্রতি মার্কিন রেডিও শো হাওয়ার্ড স্টার্ন শোতে এর সঞ্চালক হাওয়ার্ডকে গাগা বলেন, টেইলর প্রস্তাব দিলে তাঁকে বিয়ে করবেন তিনি। বাগদান পর্ব সেরে বিয়ের পথে এক পা এগিয়েছেন গাগা ও টেইলর। কবে তাঁদের বিয়ের ঘণ্টা বাজে, সেটাই এখন দেখার বিষয়।