ভালোবাসার দিনে মা হওয়ার খবর দিলেন পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নতুন বছরের প্রথম দিন বিয়ে করেছিলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল
ছবি: সংগৃহীত

বাংলা নতুন বছরের প্রথম দিন বিয়ে করেছিলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। দীর্ঘদিনের বন্ধু, সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী হয়েছেন তাঁর জীবনসঙ্গী। আর বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে এই গায়িকা জানালেন, মা হচ্ছেন তিনি। তাঁদের ভালোবাসার সন্তান আসছে।

দীর্ঘদিনের বন্ধু, সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী হয়েছেন পুতুলের জীবনসঙ্গী
ছবি: সংগৃহীত

পুতুল বলেন, ‘আশা করি, পুতুল পরিবারের নতুন অতিথি আসবে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষে। শারীরিকভাবে এখন বেশ ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ ফেসবুকে এক পোস্টে এই গায়িকা লেখেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হওয়ার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রূণ থেকে সত্তা হয়ে ওঠার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী।’

পুতুল
ছবি: ইনস্টাগ্রাম

এই সংগীতশিল্পী জানালেন, দুজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের জন্য। এখনো জানেন না, পুত্র নাকি কন্যাসন্তান আসছে তাঁদের ঘরে। তবে সেটা চমক হিসেবেই শেষ পর্যন্ত রাখতে চান তিনি। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ এপ্রিল করোনা বিধিনিষেধের মধ্যেই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সৈয়দ রেজা আলী ও পুতুল। রেজা অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত ছিলেন। এখন তিনি ঢাকায় গান করছেন পুতুলের সঙ্গে।