ভিন ভাষায় ফাহমিদা নবী

ভাষার গণ্ডি পেরিয়ে ভিন ভাষায় গাইলেন ফাহমিদা নবী। সম্প্রতি হিন্দি ভাষায় একটি জিঙ্গেলে কণ্ঠ দিলেন তিনি। বাংলাদেশি একটি পণ্যের জন্যই ফাহমিদা নবীর কণ্ঠ এখন শোনা যাবে ভারতীয় চ্যানেলগুলোতে। এ নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘বাংলাদেশের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে পৌঁছে গেছে। এর প্রচারে আমরা নিজেরাই কাজ করছি। বিষয়টি ভালো লাগার।’
শ্রোতাদের জন্য কখনো আলাদা করে হিন্দি ভাষায় গান করেননি ফাহমিদা নবী। এ নিয়ে তাঁর কাছে জানতে চাইলে বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে-আয়োজনে অনুরোধের কারণে মাঝেমধ্যে গজল করেছি। তা ছাড়া গুনগুনিয়ে তো গাওয়া হয়ই। কিন্তু এভাবে সরাসরি হিন্দি ভাষায় এর আগে কখনো গাইনি।’
ভিন ভাষার এই জিঙ্গেলের কথা, সুর ও সংগীত করেছেন শেখ সৈকত। বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের বরাত দিয়ে তিনি জানান, দিন দুয়েকের মধ্যেই ফাহমিদা নবীর এই ভিন ভাষার জিঙ্গেল দেখা যাবে ভারতীয় চ্যানেলগুলোতে।
জিঙ্গেলের পাশাপাশি সম্প্রতি ফাহমিদা কণ্ঠ দিলেন একটি নাটকের সূচনা–সংগীতে। মেঘের ওপারে নামের নাটকটি তৈরি হচ্ছে চ্যানেল আইয়ের জন্য। এটি পরিচালনা করছেন কাফী বীর। মনার সুরে নাটকের সূচনা এই সংগীত পরিচালনা করছেন ফোয়াদ নাসের বাবু।