ভিন্নধর্মী গানে মাকসুদ ও কনকচাঁপা

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কলম সংগ্রহ করে একটি ব্যতিক্রমী ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছে দেশের ৫০ জন তরুণ ও পঞ্চাশজন তরুণী। সারা দেশ থেকে ৫০ লাখ কলম সংগ্রহ করে এ ভাস্কর্য তৈরি করা হবে। সম্প্রতি এই ভাস্কর্যটি নির্মাণের ক্ষেত্রে প্রচারের প্রয়োজনে তৈরি করা হয়েছে একটি ‘থিম সং’। মগবাজারের ‘শ্রুতি’ রেকর্ডিং স্টুডিওতে এই গানটির কণ্ঠধারণের কাজ শেষ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মাকসুদ ও কনকচাঁপা। এ গানটির মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে কোনো গান গাইলেন তাঁরা।
এই ‘কলম ভাস্কর্য’ বিষয়টির প্রচারের জন্য গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর ও সংগীত পরিচালনা করেছেন মইনুল ইসলাম খান। গানটিতে সংগীতশিল্পী মাকসুদ ও কনকচাঁপা ছাড়াও কণ্ঠ দেবেন আরও ৪৮ জন তরুণ কণ্ঠশিল্পী। ভাস্কর্য তৈরির এই উদ্যোগকে অনুপ্রাণিত করতে এবং এই প্রকল্পকে সফল রূপ দিতে এ গানের শিল্পী, গীতিকবি ও সুরকারদের কেউই কোনো সম্মানী নিতে রাজি হননি। তাঁরা মনের তাগিদ থেকেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন।
এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘তরুণ প্রজন্ম অনেক বড় একটি উদ্যোগ হাতে নিয়েছে। বিষয়টা ভাবলেই অন্যরকম লাগে। অনেক বড় একটি কাজ। ভাস্কর্যটির প্রচারণার থিম সংয়ে গান গাইতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।’
এদিকে, সংগীতশিল্পী মাকসুদ বলেছেন, ‘তরুণেরাই একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ‘কলম ভাস্কর্য’ তৈরির উদ্যোগ নেওয়া এসব তরুণদের মনোবল দেখে আর এই উদ্যোগের মাধ্যমে আবারও তা প্রমাণিত হয়েছে। তরুণদের এই অসাধারণ উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পেরে ভালো লাগছে। তারাও সবাই বেশ অনুপ্রাণিত হয়েছে।’
গানের সুরকার মইনুল ইসলাম খান বলেন, ‘আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ। আমার জানামতে কলমের এত বড় ভাস্কর্য আর কোথাও হয়নি। এত বড় ও মহৎ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত ও আনন্দবোধ করছি।
এই ভাস্কর্যটি নির্মাণে অংশ নিচ্ছে ৫০ টি বিশ্ববিদ্যালয়, ৫০ টি কলেজ, ৫০ টি মাধ্যমিক স্কুল ও ৫০ টি প্রাথমিক স্কুল। এরই মধ্যে এই ভাস্কর্যের জন্য ২০ লাখ কলম সংগৃহীত হয়েছে বলেই জানিয়েছেন ‘ভাস্কর্য ২০২১’ সংগঠনের অন্যতম উদ্যোক্তা জাহাঙ্গীর কবীর। তিনি বলেন,‘ বছর তিনেক আগে আমরা কয়েক বন্ধু মিলে এই ধরনের একটি উদ্যোগের কথা ভাবি। তারপর ফেসবুকে একটি গ্রুপও তৈরি করি। এভাবে আমাদের ভাবনা অনেকের মাঝে ছড়িয়ে গেছে। আমাদের সঙ্গে এখন অনেককেই নিজ উদ্যোগে যুক্ত হচ্ছেন। আমাদের এই প্রচেষ্টা আলোর মুখ দেখলেই সার্থক হব। তিনি জানান, দেশের ৫০টি করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫০ জন বরেণ্য লেখক, সম্পাদক, কলামিস্টসহ বিশিষ্ট ব্যক্তিও তাঁদের কলম এ ভাস্কর্য নির্মাণের জন্য দেবেন।