ভোট দিয়ে বিপদে

ভোটের বুথে ভূত চেপেছিল বুঝি। না হলে কেন এমন কাণ্ড করে বসবেন জাস্টিন টিম্বারলেক? তাঁর রাজ্যে ভোট দেওয়ার সময় বুথে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। টিম্বারলেক শুধু ছবিই তোলেননি, সেই ছবি ঘটা করে পোস্ট করে দিয়েছেন ইনস্টাগ্রামে। এ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। শোনা গিয়েছিল, তাঁর বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা।
মার্কিন সংগীততারকা লস অ্যাঞ্জেলেস থেকে মেমফিসে উড়ে গিয়েছিলেন শুধু আগাম ভোট দিতে। শুধু নিজে ভোট দেননি, ভক্তদের উৎসাহিতও করেছেন নির্বাচনে অংশ নিতে। বলেছেন, যঁার যাঁর রাজ্যে আগাম ভোটের তারিখ পড়েছে, তাঁরা যেন ঠিক সময়ে গিয়ে ভোটটা দিয়ে আসেন। আর আগাম ভোট দিতে না পারলেও আগামী ৮ নভেম্বর দেশব্যাপী সাধারণ নির্বাচন তো আছেই।
এসব লিখেই ছবিটা পোস্ট করেছিলেন। মহৎ উদ্দেশ্য সন্দেহ নেই। কিন্তু আইন তো আইনই। রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেই প্রথমে খবর পাওয়া গিয়েছিল। পরে অবশ্য বিষয়টি ভালোয়–ভালোয় মিটিয়ে নেওয়া হচ্ছে। বিবিসি।