ভয়ংকর সময় শেষে বাসায় ফিরেছেন হামিন
মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ কোভিড-১৯-এর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। টানা ১২ দিন রাজধানীর একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই চিকিৎসকের পরামর্শে বাসায় ফেরেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী চার সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময়ে তিনি বাসার বাইরে কোথাও যেতে পারবেন না।
একটি স্টুডিওতে গানের রেকর্ডিং করতে গিয়ে সেখান থেকে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন এই শিল্পী। রেকর্ডিং শেষে বাসায় ফেরার পর সে রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তিনি। শুরুতে জ্বরকে তেমন গুরুত্ব দেননি তিনি। এরপর কোভিড-১৯ পরীক্ষায় ফল পজিটিভ আসে। সেদিন থেকে ছয় দিন বাসায় থেকেই চিকিৎসা নেন হামিন। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। গত বুধবার সন্ধ্যায় হামিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যেকোনো উপসর্গ থাকলেই দ্রুত টেস্ট করানো উচিত। আর চিকিৎসকের পরামর্শ নিয়েই চিকিৎসা করানো দরকার। যদি হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে এক মুহূর্তও দেরি করবেন না।’
হামিন জানান, করোনা তাঁকে ভীষণ ভুগিয়েছে। তাঁর ফুসফুসের ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ‘কী যে ভয়ংকর সময় পার করেছি, তা বলে বোঝাতে পারব না। মনে হচ্ছিল, এই বুঝি সব শেষ হয়ে গেল। বারবার নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। একসময় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার কথা ভেবেছিলেন চিকিৎসকেরা, যদিও শেষ পর্যন্ত তার আর প্রয়োজন পড়েনি।’
মাইলসের লিড গিটারিস্ট ও অন্যতম ভোকাল হামিন আহমেদ আগে ক্রিকেটও খেলতেন। ১৯৮৬ সালে আইসিসি ট্রফি টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর একক সর্বোচ্চ রান ছিল, গড় রানেও এগিয়ে ছিলেন। পরের বছর আজাদ বয়েজের অধিনায়ক হন এই তারকা। কিন্তু ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার মতো ভরসা পাচ্ছিলেন না। সে সময় ক্রিকেটের পাশাপাশি গান ও কম্পিউটার ব্যবসাও চলছিল।
১৯৮৭ সালে খেলা ছেড়ে দিয়ে পুরোপুরি সংগীতে মনোনিবেশ করেন। ভাই শাফিন আহমেদ ও কয়েক শিল্পীকে নিয়ে গড়ে তুলেছিলেন গানের দল মাইলস। গত বছর বেশ ঘটা করে প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদ্যাপন করে দলটি। বিশ্বের বেশ কয়েকটি দেশে ঘুরে ঘুরে কনসার্ট করে ভক্ত-শ্রোতাদের অভিবাদন জানায় দলটি।