মঞ্চে লুটিয়ে পড়লেন মিট লোফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিট লোফ
মিট লোফ

গান গাইতে গাইতে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়লেন মার্কিন রক তারকা মিট লোফ। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিতে হয়। গত বৃহস্পতিবার কানাডার এডমন্টনে ঘটেছে এ ঘটনা।
কয়েক দিন আগেই অসুস্থতার কথা বলে কানাডার ক্যালগারি ও মুস জ-তে নিজের গানের অনুষ্ঠান বাতিল করেছিলেন ৬৮ বছর বয়সী মিট লোফ। বৃহস্পতিবার এডমন্টনের নর্দার্ন জুবলি অডিটোরিয়ামে ‘আই উড ডু অ্যানিথিং ফর লাভ’ গানটি পরিবেশন করছিলেন জনপ্রিয় এই তারকা। হঠাৎ তাঁর হাত থেকে মাইক্রোফোন পড়ে যায়, আর তিনিও মঞ্চে লুটিয়ে পড়েন। শ্রোতা-দর্শকদের অনেকে প্রথমে ভেবেছিলেন, মঞ্চে ওভাবে পড়ে যাওয়াটা শিল্পীর পরিবেশনারই অংশ।
অ্যালবার্টা স্বাস্থ্য কর্তৃপক্ষ এ বিষয়ে শুধু বলেছে, শিল্পীকে অডিটোরিয়াম থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
মিট লোফের আসল নাম মার্ভিন লি অ্যাডে। পশ্চিমা সংগীতজগতের সফল গায়কদের একজন তিনি। তাঁর ব্যাট আউট অব হেল অ্যালবামটি বিশ্বজুড়ে ৪ কোটি ৩০ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। বিবিসি।