
লাকী আখান্দের ‘আবার এল যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’—জনপ্রিয় এই তিনটি গান নিয়ে মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে। মূল উদ্দেশ্য এই অসুস্থ শিল্পীর চিকিত্সার কাজে আর্থিক সহযোগিতা করা। সেই সহযোগিতায় নিজেকে সম্পৃক্ত করতে গানগুলোর ভিডিও পরিচালনা করছেন নির্মাতা রেদওয়ান রনি।

রনি জানান, কখনোই কোনো গানের ভিডিও পরিচালনার ইচ্ছা ছিল না তাঁর। লাকী আখান্দ্ অসুস্থ জানার পর তাঁকে কীভাবে সহযোগিতা করা যায়, সেটা নিয়ে ভাবছিলেন। রনি বলেন, ‘একটা সময় সিদ্ধান্ত নিলাম তাঁর কয়েকটি গান ভালোভাবে ভিডিওতে এনে তাঁর চিকিত্সার জন্য আর্থিক সহযোগিতা করব। লাকী আখান্দের বাসায় গেলাম। তিনি অনুমতি দিলেন। আর্থিক সহযোগিতার প্রস্তাবে রাজি হয়ে প্রাণ আরএফএল গ্রুপ এগিয়ে এল।’
লাকী আখান্দের জন্য তৈরি এই প্রকল্পের কাজে এগিয়ে এসেছেন ছোট পর্দার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী কানাডাপ্রবাসী অগ্নিলাও। ‘আবার এল যে সন্ধ্যা’ গানটিতে মডেল হয়েছেন তিনি। মাস দুয়েক আগে দেশে ফিরেছেন। তা–ও প্রায় দুই বছর পর। ভেবেছিলেন এবার আর মিডিয়ায় কোনো কাজ করবেন না। পরিবারকেই সময় দেবেন। কিন্তু লাকী আখান্দের গানের ভিডিওর মডেল হওয়ার প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। অগ্নিলা বলেন, ‘ছোটবেলা থেকেই লাকী চাচাকে দেখে আসছি। বাবার ভালো বন্ধু। তিনি এখন অসুস্থ। তাঁকে নিয়েই এ আয়োজন। তাই প্রস্তাব ফেরাতে পারিনি।’ জানান, চাচা যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন, এটাই তাঁর চাওয়া। গানটিতে অগ্নিলার সঙ্গে জুটি হয়েছেন আজিম। এ ছাড়া ‘আগে যদি জানতাম’ গানটিতে মডেল হয়েছেন আইসক্রিম ছবির জুটি নাজিফা তুষি ও রাজ এবং ‘আমায় ডেকো নো’ গানে সৌমিক।
এদিকে সুর ঠিক রেখে সব কটি গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন ও সংগীত করেছেন লিমন।
পরিচালক জানান, গতকাল বুধবার থেকে টেকনাফ রোড, উখিয়া, ইনানী বিচসহ কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিওর শুটিং চলছে। আগামী ঈদে গানের ভিডিওগুলো অনলাইনে মুক্তি পাবে।