মন্ত্রীর জন্য পিছিয়ে গেছে স্মরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজিত রায়। ছবি: প্রথম আলো
অজিত রায়। ছবি: প্রথম আলো

বরেণ্য সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক প্রয়াত অজিত রায়ের জন্মদিন ছিল ২৯ জুন। কিন্তু সেদিন তাঁকে নিয়ে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। জানা গেছে, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অজিত রায়ের ৮০তম জন্মদিন উদ্‌যাপন করবে তাঁরই সংগঠন অভ্যুদয় সংগীত অঙ্গন।

২৯ জুন কেন অজিত রায়ের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি? অভ্যুদয় সংগীত অঙ্গনের সাধারণ সম্পাদক সুমন বসাক বলেন, ‘আমরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে সেদিন তিনি আমাদের সময় দিতে পারেননি। তাঁর দেওয়া সময় অনুযায়ী আমরা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানটি আয়োজন করেছি।’

এ অনুষ্ঠানে আরও অতিথি থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সুমন বসাক জানান, এ অনুষ্ঠানে স্মৃতিচারণা আর গান দিয়ে অজিত রায়কে স্মরণ করা হবে। অনুষ্ঠানে অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা গেয়ে শোনাবেন অজিত রায়ের সুর করা ১৩টি গান আর পাঁচটি রবীন্দ্রসংগীত। দ্বিজেন্দ্র লাল রায়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু করবেন অজিত রায়ের মেয়ে শ্রেয়সী রায়। অজিত রায়ের সুর করা গানগুলোর মধ্যে থাকবে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘সুখ তুমি কী’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’, ‘আবার আসিব ফিরে’, ‘হে মহা মানব’, ‘স্বাধীনতা তুমি’, ‘ধূমকেতু’ ইত্যাদি। অনুষ্ঠানটি পরিচালনা করবেন শ্রেয়সী রায়। ২০১১ সালের ৪ সেপ্টেম্বর অজিত রায় পরলোকগমন করেন।

অজিত রায় একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। চার দশকের বেশি সময় তাঁর দৃপ্ত পদচারণে মুখরিত ছিল সাংস্কৃতিক অঙ্গন। ‘রিপোর্টার’, ‘জীবন থেকে নেয়া’, ‘যে আগুনে পুড়ি’, ‘জন্মভূমি’, ‘কোথায় যেন দেখেছি’ ও ‘কসাই’র মতো দর্শকনন্দিত চলচ্চিত্র সিনেমার গানেও তিনি রেখে গেছেন প্রতিভার স্বাক্ষর। ৬৯-এর গণ-অভ্যুত্থানের সময় তাঁর ভরাট কণ্ঠের কবিতা আবৃত্তি আর সংগ্রামী সব গণসংগীত উজ্জীবিত করে স্বাধীনতাকামী জনতাকে।

১৯৭১ সালের জুন মাসে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালে অজিত রায়ের লেখা ও সুর করা দেশের গান উজ্জীবিত করে মুক্তিযোদ্ধাদের। ১৬ ডিসেম্বরে বিজয়ের পর আখতার হোসেনের লেখা ও সুজেয় শ্যামের সুরে ‘বিজয়ের নিশান উড়ছে ওই’ গানটিতে তিনি কণ্ঠও দেন।

দেশের গান সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে আমৃত্যু চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর চিন্তাচেতনায় দেশ ছিল সবার আগে। শেষ পর্যন্ত তিনি ভালো কিছু করার চেষ্টা করে গেছেন। ভালো কিছু কবিতায় সুর দেওয়া, নতুন নতুন গান দিয়ে বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করা, যাতে অপসংস্কৃতি এবং সব কালো আঁধার থেকে এ দেশকে বাঁচানো যায়। অজিত রায়ের তৈরি ‘অভ্যুদয় সংগীত অঙ্গন’ এখনো সেই চেষ্টা করে যাচ্ছে।