মমতাজের 'মাঝি'

কথা ছিল ঈদুল আজহায় শ্রোতাদের নতুন গানের অ্যালবাম উপহার দেবেন মমতাজ। মাঝি অ্যালবামটির মধ্য দিয়ে পাঁচ বছর পর শ্রোতাদের সামনে নতুন গান নিয়ে হাজির হওয়ার কথা ছিল তাঁর। শেষ পর্যন্ত দেশের বাইরে অনুষ্ঠানের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত কাজের কারণে ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি তাঁর। অ্যালবামের সব কাজ শেষ করে মমতাজ এখন পুরোপুরি প্রস্তুত। নতুন বছরের প্রথম দিনে তাঁর নতুন অ্যালবামটি মুক্তি দেবেন বলে প্রথম আলোকে জানান মমতাজ।
মমতাজের সর্বশেষ একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল পাঁচ বছর আগে। তবে গত পাঁচ বছরে বিভিন্ন সময়ে গাওয়া গানের অ্যালবাম থেকে সংকলিত গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেছেন মমতাজ। অনেক বছর পর নতুন অ্যালবামের কাজ হচ্ছে বলে আনন্দিত মমতাজ। বললেন, ‘খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস, নতুন গানগুলো শ্রোতাদের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। এবারের অ্যালবামে ভিন্নধর্মী গান করেছি। হালকা কথা নয়, গানগুলো হবে সুললিত ও বৈচিত্র্যময়। সুরের ক্ষেত্রেও শ্রোতারা বৈচিত্র্য পাবেন।’
মমতাজের নতুন অ্যালবাম মাঝিতে গান রয়েছে আটটি। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন রাজেশ। তিনি বললেন, ‘শ্রোতাদের কাছে মমতাজ আপার জনপ্রিয়তার ব্যাপারটি মাথায় রেখেই গানগুলো তৈরি করা হচ্ছে।’
এদিকে শিগগিরই নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করতে যাচ্ছেন বলেও প্রথম আলোকে নিশ্চিত করেছেন মমতাজ। বললেন, ‘দু-এক বছর পরপরই আমি বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এসব বিজ্ঞাপনচিত্রে আমাকে আমি হিসেবেই উপস্থাপন করা হয়। তাই কাজগুলো করেও আনন্দ পাই। আমার ভক্তরাও দারুণভাবে তা গ্রহণ করেন।’