মহাশূন্যে গাগার বিয়ে!

মহাশূন্য বিনা খরচায় ভ্রমণ। এই সুযোগে যদি বিয়েটাও সেরা ফেলা যায়! এ যেন রথ দেখা আর কলা বেচার সুযোগ সংগীতশিল্পী লেডি গাগার জন্য।
মহাশূন্যে পারফর্মম্যান্স করতে রাজি হওয়ার কারণে বেচে যাচ্ছে গাগার আড়াই লাখ মার্কিন ডলার। আগামী বছর বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ যাত্রা স্যার রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক ফ্লাইটে ওড়ার সুযোগ নিচ্ছেন গাগাও। এই সফরে অভিনেতা প্রেমিক টেলর কিনি ছাড়াও সঙ্গী হবেন জাস্টিন বিবার, অ্যাস্টন কুচার, কেটি পেরি, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলির মতো অনেক তারকা। সেই সময়ই এক ঢিলে দুই পাখি মারতে চান গাগা।
এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘গাগা আর টেলর দুজনই আজীবনের জন্য মনে থাকে—এমনই একটা আয়োজন চান। মহাশূন্যের সেই ফ্লাইটে বিয়েটা সেরে ফেলা হবে তাঁদের জন্য বড় সুযোগ। হয়তো মহাশূন্যে কোনো যাজক বা ধর্মীয় আচারের সুযোগ থাকবে না কিংবা থাকবে না বিশাল অতিথির বহর। তবে তাঁরা এটার পরোয়াও করছেন না। আজীবনের জন্য একে অন্যের পাশাপাশি থাকার প্রতিশ্রুতিটাই তাঁদের কাছে বড়। ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাঁদের। পৃথিবীর বাইরে ভ্রমণে গিয়ে তা চিরস্মরণীয় করে রাখাটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন লেডি গাগা।’ আইএএনএস।