মা ও শিশুর জন্য কোনালের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাল
কোনাল

এবার মা ও শিশুর কল্যাণের জন্য গান গাইলেন কোনাল। কর্মস্থলে, ঘরে-বাইরে—সবখানে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সুযোগ ও পরিবেশ নিশ্চিত করার জন্যই এই গান। ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৫’ উপলক্ষে জনসাধারণকে সচেতন করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গানটি তৈরি করেছে। আজ থেকে ৭ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উপলক্ষে গানটির প্রচার শুরু হবে।
‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান’—এমন কথার গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। গত বুধবার বিকেলে মগবাজারের অন্তরা স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন কোনাল।
এ রকম একটি গানে কণ্ঠ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত কোনাল। বললেন, ‘যেকোনো ধরনের সচেতনতা তৈরির গান গাইতে আমার ভালো লাগে। আমি মনে করি, শিল্পী হিসেবে সমাজের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। মা ও শিশুর মঙ্গলের জন্য গানটি গাওয়ার প্রস্তাব পেয়ে বেশ খুশি হই।’
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৫ উপলক্ষে তৈরি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির ভিডিওতেও অংশ নিয়েছেন কোনাল। আগামীকাল থেকে বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটি ফিলার সং হিসেবে
প্রচারিত হবে।