মা-বাবার জন্মদিনে শাফিনের উপহার

বাবা কমল দাশগুপ্তর জন্ম ১৯১২ সালের ২৮ জুলাই আর মা ফিরোজা বেগমের ১৯৩০ সালের ২৮ জুলাই। দুজনেই প্রয়াত। এ বছর সবাইকে নিয়ে মা-বাবার জন্মদিন উদ্যাপন করার উদ্যোগ নিয়েছেন ছেলে শাফিন আহমেদ ও হামিন আহমেদ। নজরুলসংগীতের একটি অ্যালবাম তৈরি করছেন শাফিন আহমেদ। এই অ্যালবামের বিশেষত্ব হলো, এখানে যে ১০টি গান থাকছে, সেগুলো লিখেছেন কাজী নজরুল ইসলাম, সুর করেছেন কমল দাশগুপ্ত আর তাতে কণ্ঠ দিয়েছেন ফিরোজা বেগম। এবার তেমনই ১০টি গান নতুন করে গাইছেন শাফিন আহমেদ।
আজ শনিবার সকালে শাফিন আহমেদ বলেন, ‘মা কখনোই আব্বা কিংবা তাঁর নিজের জন্মদিন নিয়ে কোনো প্রচার চাননি। গণমাধ্যমের কাছেও কিছু বলেননি। এটা ছিল তাঁর একান্ত নিজস্ব ব্যাপার। তবে দিনটি আমার পরিবারের সবাই উদ্যাপন করতাম। তাতেই মা খুব খুশি হতেন।’
নজরুলসংগীতের এই অ্যালবামের জন্য শাফিন আহমেদ এরই মধ্যে ‘আমি চাঁদ নহে অভিশাপ’, ‘মনে পড়ে আজ’, ‘প্রভাত বীণা তব বাজে’, ‘গভীর নিশীথে ঘুম ভেঙে যায়’, ‘হাতখানি যবে রোখো মোর হাতে’, ‘তোমার আঁখির মতো আকাশের দুটি তারা’, ‘কত যুগ দেখিনি তোমারে’ গানগুলো রেকর্ড করেছেন। আরও তিনটি গান শিগগিরই রেকর্ড করবেন।
শাফিন বললেন, ‘কাজী নজরুল ইসলামের লেখা, তাতে সুর দিয়েছেন আব্বা আর কণ্ঠ দিয়েছেন মা—দারুণ ব্যাপার! আমরা এটা সবাইকে জানাতে চাই। সেই গানগুলো পর্যায়ক্রমে সবার সামনে তুলে ধরব। অডিও সিডি আকারে অ্যালবামটি প্রকাশ করব। এর সঙ্গে কিছু তথ্য থাকবে। ভাবছি, একটা বুকলেটও তৈরি করব। তাতে আব্বা আর মার ব্যাপারে শ্রোতারা কিছু জানতে পারবেন।’
আগামী ২৮ জুলাই অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘আমরা বলছি, অ্যালবামটির মধ্য দিয়ে আব্বা আর মার জন্মমাসে তাঁদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা।’