মা হচ্ছেন ন্যান্সি

সংগীত আর ব্যক্তিগত জীবন; দুটিতেই এখন দারুণ সময় কাটছে সংগীতশিল্পী ন্যান্সির। স্টেজ শো, একক ও মিশ্র অ্যালবামে নতুন গান আর নিয়মিত চলচ্চিত্রের গান গাইছেন। এরই মধ্যে ন্যান্সি খবর দিলেন, আবারও মা হচ্ছেন তিনি। আজ মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপে ন্যান্সি জানিয়েছেন, চিকিৎসকের কথা অনুযায়ী জুন মাসেই সন্তানের মুখ দেখবেন তিনি।
ন্যান্সি বলেন, ‘সংগীতজগতে আমার পথচলা দীর্ঘ এক যুগের। এই সময়টা নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পার করতে হয়েছে। তবে গত একটা বছর আমার দারুণ কাটছে। ব্যস্ততা বেড়েছে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। স্টেজ শোর পাশাপাশি অডিও আর চলচ্চিত্রের গান নিয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে আবার চিকিৎসক জানালেন, মা হতে যাচ্ছি। এ কথা শোনার পর তো মনে হচ্ছে, জীবনেরই অন্য রকম একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমি।’
ন্যান্সি জানান, দুই মেয়ে রোদেলা, নায়লা আর স্বামী জায়েদকে নিয়ে বেশ ভালোই আছেন তিনি। চিকিৎসকের কাছ থেকে ন্যান্সির আবার মা হওয়ার খবরটি শোনার পর থেকেই তাঁদের সংসারে এখন আনন্দের বন্যা।
ন্যান্সি যেমন অনাগত সন্তানের অপেক্ষায় অধীর হয়ে আছেন, ঠিক তেমনি গানের কাজ নিয়েও পার করছেন ব্যস্ত সময়। গত শনিবার প্রকাশিত হয়েছে এই শিল্পীর নতুন একক গানের অ্যালবাম ‘ভালোবাসো বলেই’। আপাতত জিপি মিউজিকে এই অ্যালবামের গানগুলো শোনা গেলেও বৈশাখে এটি সিডি আকারে বাজারে ছাড়া হবে। এই অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন আহমেদ রিজভী।
২০০৫ সালে গানের জগতে এলেও প্রথম একক গানের অ্যালবাম প্রকাশিত হতে সময় লেগেছিল চার বছর। ‘ভালোবাসা অধরা’ নামের সেই অ্যালবামটি বাজারে এনেছিল সংগীতা। এরপর প্রকাশিত হয় ‘রঙ’ (২০১২) ও ‘দুষ্টু ছেলে’ (২০১৫)।