মাইলির পথে অ্যাডেল!

অ্যাডেলভক্তরা আঁতকে উঠতেই পারেন। সুবোধ বালিকাসুলভ প্রিয় গায়িকাটি কি তবে বিগড়ে গেলেন? মাইলি সাইরাসের মতো স্বল্প পোশাক আর উদ্যাম নৃত্য দিয়ে দর্শকমন জয় করতে শুরু করেছেন?
না, এখনো তেমনটা করেননি অ্যাডেল। তিনি শুধু একটু চেষ্টা করেছেন। তা-ও আবার নিজেই স্বীকার করেছেন, এটা ছিল ব্যর্থ চেষ্টা। সম্প্রতি লন্ডনে নিজের কনসার্টে অ্যাডেল চেষ্টা করেছিলেন মাইলি সাইরাসের মতো টোয়ার্ক করতে। কিন্তু শেষ নাগাদ পারেননি।

গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড থেকে ওয়ার্ল্ড ট্যুর শুরু করেন অ্যাডেল। ১৯ মার্চ সেই সফরের অংশ হিসেবেই লন্ডনে গান করেন গ্র্যামিজয়ী এ গায়িকা। সেখানে লিওনেল রিচির একটি গান গাওয়ার সময় তিনি বলেন, ‘দেখেছেন, টোয়ার্ক করার চেষ্টা করলাম। এটা আমার দ্বারা হবে না। মনে হচ্ছে, এটা আবার করতে গেলে আমার কোমরটাই ভেঙে যাবে।’
কোমর আগে-পিছে করে একধরনের নাচের নাম হলো টোয়ার্ক। টোয়ার্কিংয়ের জন্য মাইলি সাইরাসের বেশ খ্যাতি। অদ্ভুত ভঙ্গিতে টোয়ার্কিং করে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত হয়েছেন হ্যানা মন্টেনাখ্যাত মাইলি। রোলিং স্টোন।