মাঠে ক্রিকেট, গ্যালারিতে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলের সাতটি দলের থিম সংয়ের ভিডিও থেকে নেওয়া ছবির কোলাজ
বিপিএলের সাতটি দলের থিম সংয়ের ভিডিও থেকে নেওয়া ছবির কোলাজ

মাঠে যখন চার-ছক্কা-উইকেট নিয়ে টানটান উত্তেজনা, গ্যালারিতে তখন অন্য এক আবহ। একটা উৎসবের আমেজ। কোনো খেলোয়াড় আউট হলে, কেউ চার-ছক্কা হাঁকালে কিংবা ওভার শেষে প্রান্ত পরিবর্তনের সময় বেজে উঠছে চেনা কিছু সুর। সেই সুর চাঙা করে তুলছে দর্শক-খেলোয়াড় সবাইকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং এভাবেই সরগরম করে রেখেছে চলতি এই ক্রিকেট মৌসুমকে। সাতটি দল সাতটি থিম সং দিয়ে পরিচয় আর অস্তিত্ব জানান দিচ্ছে নিজেদের।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লা—বিপিএলের এই সাত দল নিজেদের অঞ্চলের বৈচিত্র্য আর শ্রেষ্ঠত্বকে প্রকাশ করছে বিপিএলের থিম সংয়ের মাধ্যমে। দেশের সেরা সেরা সংগীতশিল্পী এই থিম সংগুলো বানাতে নিজেদের সেরাটুকু দিয়ে গেছেন। সময় নিয়ে, গবেষণা করে তৈরি করেছেন নির্দিষ্ট অঞ্চলকে প্রতিনিধিত্ব করা গানটি। যেমন রংপুর রাইডার্সের গানটির কথাই ধরা যাক, ৫ নভেম্বর ইউটিউব ও ফেসবুকে ভিডিও আপলোড করার পর এ পর্যন্ত প্রায় ১০ লাখ ৪০ হাজারবার দেখা হয়েছে। শূন্য ব্যান্ড রংপুরের জন্য গান বানাতে গিয়ে ব্যবহার করেছে ‘জাগো বাহে কুনঠে সবায়’ নাট্যসংলাপটি। আবার সিলেট সিক্সার্সের গানে উঠে এসেছে সিলেটি ভাষায় র‍্যাপ। ঢাকা ডায়নামাইটসের গানের বেলায়ও প্রাধান্য পেয়েছে ঢাকাইয়া ভাষা। এভাবে রীতিমতো গবেষণা করেই তৈরি হয়েছে বিপিএলের একেকটা গান।

এই সব গবেষণার ফল অবশ্য বৃথা যাচ্ছে না। শ্রোতারা উদ্বেল হয়ে শুনছেন, দেখছেন সেই গানগুলোর রঙিন ভিডিও। ফেসবুকে পোস্ট করা কুমিল্লা ভিক্টোরিয়ানসের থিম সংয়ের ভিডিওর দর্শকসংখ্যা দেখলেই বোঝা যায় এই গানগুলোর প্রভাব। ৪ নভেম্বর ফেসবুকে গানবাংলা চ্যানেলের পেজে পোস্ট করা কুমিল্লা ভিক্টোরিয়ানসের গান গতকাল বুধবার পর্যন্ত দেখা হয়েছে ২০ লাখবারের বেশি, যা অল্প সময়ের মধ্যে অন্য থিম সংগুলোর দর্শকসংখ্যাকে ছাড়িয়ে গেছে। কৌশিক হোসেন তাপসের সুরে ও ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে তৈরি এ গানে কণ্ঠ দিয়েছেন মিলা ও তাপস। গানটির ভিডিওর নির্দেশনা দিয়েছেন তানিম রহমান। এটি প্রযোজনা করেছে জিরো প্রডাকশনস। বিপিএলের মাঠে এখন যে দলের খেলা থাকে, এই গানগুলো তখনই ঘোরে গ্যালারিভরা দর্শকের মুখে মুখে।

তবে কিছু ক্ষেত্রে রয়েছে আক্ষেপ আর ঘাটতি। সিলেট সিক্সার্স দলের থিম সংয়ের বেলায় শোনা গেছে সেই আক্ষেপের কথা। এ দলের থিম সং আপলোড হয়েছে ইউটিউবে ৪ নভেম্বর। একই দিনে গানটি আপলোড হয় দলটির ফেসবুক পাতায়ও। দুই প্ল্যাটফর্ম মিলে এ গানের ভিডিওর ভিউ ৯ লাখ ছাড়িয়েছে। কিন্তু গানটির ভিডিও কিংবা এর বর্ণনায় কোথাও সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ উল্লেখ করেনি গানটির নির্মাতার নাম। দলের উদ্দীপনামূলক এ গান তৈরি করেছেন শাকের রাজা। গানে কণ্ঠও দিয়েছেন তিনি। গানে সিলেটি ভাষায় লেখা র‍্যাপ অংশ লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন তৌফিক। কথা হলো তৌফিকের সঙ্গে। বললেন, ‘গানটি আমাদেরই করা। তবে দুঃখজনক বিষয় হলো, কোথাও আমাদের ব্যাপারে কোনো উল্লেখ নেই। কর্তৃপক্ষ আমাদের সম্মানী দিয়েছেন কিন্তু এর বিনিময়ে স্বীকৃতিটুকুও যে দেবেন না, তা মেনে নিতে কষ্ট হচ্ছে।’ একই অবস্থা খুলনা টাইটানসের থিম সংটির। ২৬ অক্টোবর আপলোড হওয়া গানটি এরই মধ্য বিভিন্ন ডিজিটাল মাধ্যমেদেখা হয়েছে ১৫ লাখবার। এটির কথা-সুর-সংগীত অটামনাল মুনের, গেয়েছেন রাশনাফ ওয়াদুদ। গানের ভিডিওতে এ দুই শিল্পীকে দেখা গেলেও সেখানে ছিল না তাঁদের নাম।

এদিকে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস তাদের পুরোনো থিম সংটিই এ মৌসুমে প্রচার করছে নতুনভাবে। কুমার বিশ্বজিতের গাওয়া চট্টগ্রামের গান এবং নেমেসিস ব্যান্ড ও মমতাজের গাওয়া রাজশাহীর গানটি গত বছর থেকেই ঘুরছে সবার মুখে মুখে। তাই অন্য গানগুলোর তুলনায় এগুলো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে বেশি। তবে এ হিসাবের বাইরে রাখতে হবে ঢাকা ডায়নামাইটসের থিম সংকে। কারণ, গানটি ইউটিউবে আপলোড হয়েছে অন্য সব দলের থিম সংয়ের পরে। ১১ নভেম্বর ইউটিউবে জাজ মাল্টিমিডিয়া চ্যানেলে প্রকাশ পাওয়ায় প্রীতম হাসানের সুর ও সংগীতায়োজনে তৈরি এ গানটির ভিডিওর দর্শকসংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। তবে ফেসবুকে এখনো দেওয়া হয়নি গানটির মূল ভিডিও, শুধু গানের কথাসংবলিত একটি ভিডিও তোলা হয়েছে ঢাকা ডায়নামাইটসের অফিশিয়াল পেজে।