মাতালেন মাকসুদ ও সালমা

বৈশাখের প্রথম দিনে গান, লোকজ খেলা আর হরেক বিনোদনের মধ্য দিয়ে নাগরিক বাঙালির এক অসাধারণ মিলনমেলা বসেছিল রাজেন্দ্রপুরে। বিকেলের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে বৈশাখী কনসার্টে সুরের মূর্ছনা ছড়িয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন রকস্টার মাকসুদ ও’ ঢাকা, ক্লোজআপ তারকা সালমা এবং বাউলশিল্পী শাহজাহান মুন্সি ও তার দল।

শহর থেকে দূরে সবুজ প্রকৃতির কাছাকাছি ব্যতিক্রমী এই আয়োজনে শুরুতে সকাল সাড়ে ১১টায় মঙ্গল শোভাযাত্রায় নাগরিক সুধীজনের এক বিরল সমাবেশ ঘটে। এতে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা আবুল হায়াত এবং ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। এ ছাড়া অন্যান্যের মধ্যে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, এবং সরকারি-বেসরকারি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আয়োজনে যোগ দেন। দিনব্যাপী গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী উপকরণে সাজানো ছিল লোক মেলা, ছিল ব্র্যাক সিডিএম-এর নিজস্ব লেকে নৌভ্রমণ।