মানুষ, মাটির এমন আপনজন আর হবে না!
গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোক। করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে মারা গেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারও জানিয়েছেন শ্রদ্ধা।
অভিনেতা তারিক আনাম খান ফেসবুকে লিখেছেন, ‘এমন কোনো দিন হয়নি যে আপনি আমাকে দেখেছেন আর কাছে আসেননি। এমন কোনো দিন যায়নি যে আমরা কোনো স্মৃতিচারণা করিনি; বিশেষ করে আমাদের সুন্দর সময়, যা আমরা একসঙ্গে কাটিয়েছি বিদেশে।
এমন কোনো আন্দোলন হয়নি, যেখানে রাজপথে আপনি ছিলেন না। গণমানুষের শিল্পী হয়ে আপনি থাকবেন এই বাংলায়, আপনার গান থাকবে, আপনার মুষ্টিবদ্ধ হাত সংগ্রামের প্রতীক হয়ে বহুদিন অনুপ্রাণিত করবে এ দেশের মুক্তিকামী মানুষকে। ফকির আলমগীর—যেখানেই থাকেন ভালো থাকবেন।’
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘ফকির আলমগীর...একটা অধ্যায়ের ইতি হলো। তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা। আমাদের সংগীতাঙ্গনে তাঁর শূন্যতা পূরণ হবে না।’
উপস্থাপক হানিফ সংকেত লিখেছেন, ‘চলে গেলেন গণমানুষের শিল্পী ফকির আলমগীর। মানবিক গুণাবলিতে মহান এই শিল্পীর অকস্মাৎ মৃত্যুসংবাদে স্বজন হারানোর কষ্ট অনুভব করছি। সম্প্রতি তাঁর অসুস্থতার খবরে বেশ শঙ্কিত হয়ে পড়েছিলাম। নিয়মিত খোঁজখবরও রাখছিলাম। দুদিন আগেও ভাবীর সঙ্গে কথা হয়েছিল, বলেছিলেন, “এখন কিছুটা স্ট্যাবল, দোয়া করেন।”
কিছুটা আশার আলো দেখেছিলাম। কিন্তু না, প্রাণঘাতী করোনার কাছে পরাজিত হয়ে অবশেষে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতারের এই শব্দসৈনিক—বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। বিভিন্ন আন্দোলন–সংগ্রামে পাশে থেকে তিনি যেমন মানুষকে উজ্জীবিত করেছেন, তেমনি শিল্পীদের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতেও তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাংস্কৃতিক অঙ্গনে সব সময় তিনি সবার সুখে–দুঃখে পাশে থেকেছেন। তাঁর সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক আড্ডার, অনেক গল্পের, অনেক স্মৃতি। মনে পড়ে আমার অনেক অনুষ্ঠানে উপস্থিতির স্মৃতিময় সময়গুলোর কথা।’
অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘শ্রদ্ধেয় ফকির আলমগীর, আপনি তো শিল্পী, সৃষ্টিশীল মানুষের মৃত্যু নেই। এ কেমন চলে যাওয়া? ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম।’
এসকে ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিব খান লিখেছেন, ‘বাংলা গণসংগীতের অন্যতম পথিকৃৎ ও সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব ফকির আলমগীর মারা গেছে
অভিনেতা চঞ্চল চৌধুরী তাঁর ফেসবুক পাতায় ফকির আলমগীরের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ফকির ভাই। ভালো থাকবেন। আপনি ছবি তুলতে খুব পছন্দ করতেন। শেষ ছবিটা তোলা হলো না। চলে গেলেন ফকির আলমগীর। শ্রদ্ধা।’
তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম সারির কণ্ঠযোদ্ধা। ফকির আলমগীর মুক্তির গান, মুক্তিযুদ্ধের গান ছাড়াও আজীবন মেহনতি মানুষের পক্ষে গেয়েছেন। তাঁর গানগুলো রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক শোষণ, নির্যাতন, অত্যাচার–অনাচারের বিরুদ্ধে গণমানুষকে উদ্দীপ্ত করত।’
সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ফকির ভাই। ওখানে বাদশা হয়ে থাকবেন।’
সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘ফকির আলমগীর ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
বেজবাবা সুমন লিখেছেন, ‘ফকির আলমগীর ভাই আমাদের মাঝে নেই। অসম্ভব বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন।’
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার লিখেছেন, ‘শ্রদ্ধা ফকির আলমগীর ভাই...!’
সংগীতশিল্পী ও চিরকুট ব্যান্ডের সদস্য শারমিন সুলতানা সুমী তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘মানুষ, মাটির এমন আপনজন আর হবে না! ওপারে ভালো থাকবেন কিংবদন্তি, পরম শ্রদ্ধার মানুষ, মহান শিল্পী ফকির আলমগীর ভাই।’