মারায়া ক্যারির বাগদান

‘ক্যাসিনো টাইকুন’খ্যাত অস্ট্রেলিয়ার ধনাঢ্য ব্যবসায়ী জেমস প্যাকারের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সংগীত তারকা মারায়া ক্যারি। মারায়া ক্যারি-জেমস প্যাকারের একজন ঘনিষ্ঠ বন্ধুর বরাতে এ খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।
‘মারায়া এ নিয়ে যারপরনাই আনন্দিত যে, জেমস প্যাকার তাঁর জীবনের সুখ খুঁজে পেয়েছেন।’ এই জুটির ঘনিষ্ঠ এক বন্ধুর কথাকে এভাবেই তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।
মার্কিন পপসংগীত তারকা মারায়া ক্যারি ও জেমস প্যাকার বেশ কিছুদিন ধরেই প্রেম করে আসছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জেমস প্যাকারের ‘ক্রাউন’ ক্যাসিনোতে এ বছরের নববর্ষ উদযাপনের এক অনুষ্ঠানেও মারায়া ক্যারি অংশ নিয়েছিলেন। সেদিন এই মার্কিন সংগীত তারকা তাঁর প্রেমিক জেমস প্যাকারের মালিকানাধীন ‘ক্রাউন’ ক্যাসিনোর মঞ্চে গানও গেয়েছিলেন। একান্ত ঘরোয়া অনুষ্ঠানটিতে এই জুটির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব ছাড়া আর তেমন কেউ ছিলেন না। অবশ্য মারায়ার মা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, গত বৃহস্পতিবারে নিউইয়র্কে জেমস প্যাকার মারায়া ক্যারিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যাকার পরিবারের সদস্যরা মারায়ার সঙ্গে প্যাকারের বাগদানে অত্যন্ত আনন্দিত। মারায়াকে পেয়ে জেমস প্যাকার যে এখন অত্যন্ত সুখী মানুষ, তা জেনে প্যাকার পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত। মারায়াকে তাঁরা মন থেকেই গ্রহণ করেছেন—জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে অনলাইন সংবাদমাধ্যম ই নিউজ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, মারায়াকে জেমস প্যাকার যে বাগদানের আংটিটি দিয়েছেন, তা এক কথায় অসাধারণ। ৩৫ ক্যারেটের হিরে বসানো আছে আংটিটিতে।