মালালার পাশে দাঁড়াতে চান বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই-জাস্টিন বিবার
মালালা ইউসুফজাই-জাস্টিন বিবার

পাকিস্তানের আলোচিত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে কথা বলার পর তার সঙ্গে সামনাসামনি দেখা করা এবং মালালা ফান্ডে কীভাবে সহযোগিতা করা যায় তার পথ খুঁজছেন ২০ বছর বয়সী ‘বেবি’ তারকা জাস্টিন বিবার।
সম্প্রতি মালালা ও কানাডীয় পপগায়ক জাস্টিন বিবারের মধ্যে ভিডিও চ্যাট হয়। এর পরপরই মালালার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার আগ্রহ প্রকাশ করেন বিবার।
মালালা প্রথম খবরের শিরোনাম হয় ২০১২ সালে। নারীশিক্ষা অধিকার আদায়ের লক্ষ্যে প্রচারণা চালানোয় সে বছর মালালার মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালায় তালেবান জঙ্গিরা। কিন্তু সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কিশোরী মালালা। পরবর্তী সময়ে সে বিশ্বব্যাপী নারীশিক্ষা আন্দোলনকে ছড়িয়ে দিতে কাজ শুরু করে। এই কাজে তহবিল সংগ্রহের জন্য সে গঠন করে মালালা ফান্ড।
সম্প্রতি মালালার সঙ্গে ভিডিও চ্যাটের মাধ্যমে কথা বলেন বিবার। পরে ফটো ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইন্সটাগ্রামে বিবার তাঁর ভক্তদের জানান, মালালার সংগঠনকে সাহায্য করার পথ খুঁজছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
এ প্রসঙ্গে বিবারের ভাষ্য, ‘এইমাত্র মালালা ইউসুফজাইয়ের সঙ্গে ভিডিও চ্যাটের মাধ্যমে মুখোমুখি হলাম। অসাধারণ একটি গল্প আছে তার। ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করার জন্য আমার আর তর সইছে না। তার সঙ্গে দেখা করে আমি জানতে চাইব, কীভাবে তাকে এবং মালালা ফান্ডকে সাহায্য করতে পারি আমি। ভালোবাসা রইল।’