মাসজুড়ে 'উধাও' চিরকুট

চিরকুট হারিয়ে যাচ্ছে না; বরং উধাও দিয়ে শ্রোতাদের আরও কাছে আসছে দলটি। এই দলের নতুন অ্যালবামকে সিডি আকারে প্রকাশ করার লক্ষ্যে মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় কনসার্টের সিদ্ধান্ত নিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এমনটাই জানালেন চিরকুটের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী।
ডিসেম্বর মাসে চিরকুট তাদের উধাও অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করবে। এই অ্যালবামের পৃষ্ঠপোষকতা করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ। দেশের সাতটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হবে সিডির প্রকাশনা অনুষ্ঠান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস থেকে শুরু হবে এই আয়োজন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট লিডিং ইউনিভার্সিটিতে যাবে চিরকুট। কথা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও।
পাঁচ মাস আগে গান শোনার মোবাইল অ্যাপ ইয়োন্ডার মিউজিকে প্রকাশিত হয় ছয়টি গানের অ্যালবাম উধাও। তবে সিডিতে বাড়তি চমক হিসেবে থাকবে চিরকুটের সঙ্গে লাতিন আমেরিকান ব্যান্ড টোয়েন্টিফোর আওয়ারসের গাওয়া ‘অন্তরে বাহিরে’ গানটি। নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান এভাবে করার কারণ প্রসঙ্গে সুমী বলেন, ‘সারা দেশ থেকে আমাদের শ্রোতারা প্রায়ই অনুরোধ করেন, যেন তাঁদের সঙ্গে গানের প্রকাশনা অনুষ্ঠান করি। তাই এবার আমরা উধাও-এর প্রকাশনা অনুষ্ঠান সবার কাছে ছড়িয়ে দিতে এই আয়োজন করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।’
এক বছরের বেশি সময় ধরে উধাও অ্যালবামের গান তৈরি করেছে চিরকুট। এ জন্য দলের সদস্যদের কঠোর শ্রম দিতে হয়েছে। অ্যালবামের গানগুলো লিখেছেন সুমী। ‘টিভি’ গানটি লিখেছেন যৌথভাবে সাইফুল আকবর খানের সঙ্গে।
চিরকুট ব্যান্ডের প্রথম অ্যালবাম চিরকুটনামা প্রকাশিত হয় ২০১১ সালে। দুই বছর বিরতির পর গানের দলটি প্রকাশ করে দ্বিতীয় অ্যালবাম জাদুর শহর। উধাও অ্যালবামের গানগুলোর মাস্টারিং করা হয়েছে যুক্তরাজ্যে। গানগুলোর সংগীতায়োজনে ছিলেন পাভেল আরীন, গিটার-বাঞ্জো-মান্ডোলিনে ইমন চৌধুরী, হারমোনিয়াম, কি–বোর্ড ও মেলোডিকায় জাহিদ নিরব, বেজ গিটারে দিদার হাসান এবং লিরিক, টিউন ও কণ্ঠে শারমীন সুলতানা সুমী।