মায়ের সঙ্গে কাটানো ঈদ স্মরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্‌সি
ন্যান্‌সি

বছর চারেক আগে মায়ের সঙ্গে কাটানো ঈদটাকে নিজের জীবনের স্মরণীয় ঈদ বলে উল্লেখ করলেন ন্যান্‌সি। কারণ হিসেবে ন্যান্‌সি জানান, এটিই ছিল তাঁর মায়ের সঙ্গে কাটানো শেষ ঈদ। এরপর আর কোনো ঈদে মা’কে পাননি এই গায়িকা। ২০১২ সালের ২০ ডিসেম্বর তিনি মারা যান।
প্রথম আলোর সঙ্গে আলাপে ন্যান্‌সি বলেন, ‘মনে পড়ে, সেবার ঈদে মা খুব অসুস্থ ছিলেন। মায়ের এই অসুস্থতায় আমার খুব অভিমান হলো। অসুস্থ শরীর নিয়েও মা আমার প্রিয় চালের রুটি, গরুর মাংসের ভুনা রান্না করলেন। ঈদের সকালে আমার এই আইটেম দুটো না হলে চলবেই না। বড় ভাইয়ার পছন্দ ভুনা খিচুড়ি। আমাদের তিন ভাইবোনের জন্য মাকে যে কত পদ রান্না করতে হয়েছিল। তারপর মাংসের ভাগ-বাঁটোয়ারা তো আছেই। বেলা গড়াতেই আত্মীয়-স্বজনরা আসতে শুরু করলেন। তাদের আপ্যায়নের ভার মা নিজের কাঁধে তুলে নিতেন। কোনো কাজেই আমি মাকে সাহায্য করতাম না। মা একা একা কী করে যে সব সামাল দিতেন। এতটুকু বিরক্ত হতেন না। সে ঈদের পর মা খুব অসুস্থ হয়ে পড়লেন। আর ডিসেম্বরে তো মা আমাকে ছেড়ে চলে গেলেন চিরতরে। ঈদ এলেই মায়ের কথা খুব মনে পড়ে।’
ন্যান্‌সি ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবারের ঈদে তাঁর অনেকগুলো গান প্রকাশিত হয়েছে। আর ‘ভালোবাসো বলে’ শিরোনামের নতুন একটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
এই মুহূর্তে ন্যান্‌সি আছেন নেত্রকোনায়। জানালেন, এবারের ঈদের পঞ্চম দিন দেশ টিভিতে সরাসরি গান শোনাবেন। সেদিন সকালে ঢাকায় ফিরবেন তিনি।