মিকালদের ভাবনায় দক্ষিণ এশীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী তৃতীয় ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের দ্বিতীয় দিন ছিল গতকাল শুক্রবার। রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই উৎসব শেষ হবে আজ। গতকাল সংগীত পরিবেশন করেন পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড। পরিবেশনার আগে প্রথম আলোর মুখোমুখি হলেন তাঁরা।

মোহাম্মদ আহসান পাপু, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় ও মিকাল হাসান l ছবি: খালেদ সরকার
মোহাম্মদ আহসান পাপু, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় ও মিকাল হাসান l ছবি: খালেদ সরকার


সংগীতের একটি সমৃদ্ধ ঐতিহ্য থাকা সত্ত্বেও সংগীতশিক্ষা খুব একটা সহজ ছিল না মিকাল হাসানের কাছে। পাকিস্তানের এই সংগীতশিল্পী বলেন, তাঁদের নিজস্ব সংস্কৃতি আসলে কী, এটা খুঁজে পেতেই বহু সময় নষ্ট হয়ে গেছে।
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে গতকাল গাইলেন মিকাল হাসান ও তাঁর দল। দলের নাম ‘মিকাল হাসান ব্যান্ড’। যখন এই দলের সঙ্গে কথা হলো, প্রথমেই মিকাল তুললেন এ কথা। বললেন, পাকিস্তানের সংস্কৃতি বলতে তাঁদের কাছে তুলে ধরা হতো আরবি সংস্কৃতির কিছু জিনিস। আর যেহেতু দেশটি অনেক বছর ধরে চরমপন্থীদের বিভিন্ন হামলার সম্মুখীন হচ্ছিল, তাই মিকালের পক্ষে তাঁদের সংস্কৃতির আসল জায়গাগুলোতে যাওয়া সম্ভব হতো না।
মিকাল বলেন, একসময় তিনি বুল্লে শাহ, শাহ হুসেন, ওয়ারিশ শাহ, অমৃতা প্রীতম, ইকবাল—এঁদের লেখা পড়তে শুরু করেন। তখনই নিজের সংস্কৃতি সম্পর্কে ধারণা জন্মাতে থাকে। এঁদের লেখা থেকে বিভিন্ন গান তাঁরা এখন পরিবেশন করেন।
সম্পূরণ, সপ্তক ও আন্দোলন নামের তিনটি অ্যালবাম করেছে মিকাল হাসান ব্যান্ড। সামনের অ্যালবামটি হবে ফারসি ভাষায় রচিত গান দিয়ে। মিকালের আগ্রহ পুরো দক্ষিণ এশীয় সংগীত নিয়েই। এ কারণেই একজন ভারতীয় বাঙালি শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় এই দলের মূল কণ্ঠশিল্পী হতে পেরেছেন। পাঞ্জাবি শিল্পী মোহাম্মদ আহসান পাপু বাজান বাঁশি। মিকাল বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের সংগীতের ব্যাপারেও তিনি আগ্রহী। কিন্তু সেটা করার জন্য এখনো প্রস্তুত নন তাঁরা।
মিকাল হাসান বলেন, কিছুদিন আগেও পাকিস্তানে নিরাপত্তাজনিত কারণে কোনো কনসার্ট করা সম্ভব হতো না। এখন সেই পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে। তিনি আশা করেন, ‘সংগীত আমাদের বিভেদকে ঘুচিয়ে দেবে। আমলা ও রাজনীতিবিদেরা যখন একত্র হন, সেখানে অনেক কিছুই করা যায় না। কিন্তু শিল্পী ও জনসাধারণের সংযোগে অনেক কিছুই সম্ভব।’