মুখ খুললেন শাফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার কনসার্টে গাইতে না যাওয়া নিয়ে মুখ খুললেন শিল্পী শাফিন আহমেদ। তিনি বলেছেন, দেশপ্রেমের জায়গা থেকে যে কথাগুলো ফেসবুকে বলেছি, সেগুলো ভারত–বিদ্বেষ নয়। আজ বৃহস্পতিবার রাত ১টা ২ মিনিটে নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতায় পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ভিডিওতে মাইলস ব্যান্ডের দুই সদস্য শাফিন আহমেদ ও মানাম আহমেদকে কথা বলতে দেখা যায়। তাঁরা বলেন, ‘সংগীত অঙ্গনটিকে উন্মুক্ত রাখুন, মনটাকে খুলে দিন। তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারব, সংঘবদ্ধ হতে পারব।’
বাংলাদেশি ব্যান্ড মাইলসের কয়েকজন সদস্য ধারাবাহিকভাবে ভারতবিরোধী মন্তব্য করেছেন—সামাজিক মাধ্যমে এমন অভিযোগে কলকাতায় তাঁদের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ওই প্রচারণাকে সমর্থন জানিয়ে মাইলসের সঙ্গে একই মঞ্চে গান গাইতে অস্বীকার করেছে কলকাতার ব্যান্ড ফসিলস।
ভারতের স্বাধীনতা দিবসের আগে ১৩ আগস্ট কলকাতার ‘আজাদী কনসার্ট’ নামের ওই অনুষ্ঠানটির আয়োজন করেছিল সেখানকার একটি এফএম রেডিও। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার কারণে আয়োজকেরা মাইলস ও ফসিলস—দুটি ব্যান্ডকেই অনুষ্ঠানের বাইরে রাখার কথা জানিয়েছে তাদের ফেসবুকে।
ভিডিওতে যা বললেন শাফিন
‘আজাদী কনসার্ট নিয়ে আমরা কিছু বলতে চাই। এ বিষয়ে কিছু কথা আমাদের কানে আসছে। সেখানকার একটি ব্যান্ড তাদের ভক্তদের নিয়ে মাইলসের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং ঘৃণা ছড়িয়েছে বলে আমাদের কানে এসেছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, ফেসবুকে আমাদের পারসোনাল প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে কে কী লিখছি বা লিখেছি, সেসব নিয়ে। আমি পরিষ্কার বলতে চাই, বাংলদেশের নাগরিক হিসেবে দেশের কোনো ক্ষতি হোক তা আমরা কখনো চাই না। সচেতন নাগরিক হিসেবেই দেশের ক্ষতির বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের আছে। এটা নিয়ে কারও মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না  এবং সেটাকে টেনে এনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে ফেলার কোনো মানে আছে বলে মনে হয় না। আমার বা আমার ভাই হামিনের কোনো লেখা টেনে আনার প্রয়োজন আছে বলে মনে করি না।

‘দেশপ্রেমের জায়গা থেকে যে কথাগুলো বলেছি, সেগুলো ভারত–বিদ্বেষ নয়। ভারত–বিদ্বেষ ভিন্ন বিষয়। আমার দেশের ক্ষতি হয়, এমন কোনো জিনিস নিয়ে আমি কথা বলতেই পারি। এটা ভারত–বিদ্বেষ বা কোনো ব্যক্তিকে উদ্দেশ করে নয়। আপনাদের দেশে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আপনি তা নিয়ে কথা বলতেই পারেন। আমার কোনো কথা পছন্দ না হলে আমার প্রোফাইলে থাকতে হবে না। আমার দেশ নিয়ে আমি কথা বললে সেটাকে নিয়ে একটা “হেট ক্যাম্পেইন” চালিয়ে কেউ মাইলসের কনসার্ট বন্ধ করে দেবে, এটা আমরা আশা করিনি। বিশেষ করে ফসিলসের মতো ব্যান্ডের কাছ থেকে, যাদের আমরা অনেক দিন ধরে চিনি। আমার মনে আছে, তাদের যাত্রার শুরুতে তারা মাইলসের কতখানি ভক্ত ছিল, জানি না এখন কতটা ভক্ত। মনে আছে, কলকাতার কোনো একটা হোটেলে তাদের প্রথম অ্যালবাম আমাদের হাতে দেওয়ার জন্য কয় ঘণ্টা তারা অপেক্ষা করে ছিল। তাদের সম্মানের জায়গাটা এত তাড়াতাড়ি নষ্ট হবে কেন? ভারতীয় শিল্পীরা ঘনঘন বাংলাদেশে আসছেন, আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি। প্রতি মাসে চার-পাঁচটা অনুষ্ঠানে তাঁরা গাইছেন। বছর বছর সেসব হচ্ছে। আমরা বাধা দেওয়ার চেষ্টা কখনো করিনি। আমরা খোলা মনে ঢাকার এ মিউজিকের প্ল্যাটফর্মটাকে আন্তর্জাতিক করার চেষ্টা করছি। সামনে আরও প্রজেক্ট হচ্ছে, হবে।’
ভারতীয় শিল্পীরা বাংলাদেশে আসা নিয়ে বললেন মানাম
আমি জানি না রূপমের শিক্ষাগত অবস্থান কী, তাঁদের চিন্তাভাবনা কেমন! দেশপ্রেমকে অন্যদিকে ঘুরিয়ে বিদ্বেষ হিসেবে প্রচার করে, তাহলে সেটা দুঃখজনক। এটা অজ্ঞতা। কোন জিনিসটাকে কীভাবে ব্যাখ্যা করতে হবে, সে জানে না। কলকাতার বাঙালিরাও অনেক সময় অনেক কিছু বলে। সেসব জায়গায় আমরাও অংশ নিয়েছি। সেখানে বলেছি, গাল দিলে গালটা কিন্তু নিজের গায়েই এসে লাগে, কারণ আমরা সবাই বাঙালি। এক বাঙালি আরেক বাঙালির পেছনে দৌড়ে লাভ নেই। যখন দেশ নিয়ে কথা বলছি, তখন অবস্থানটা এক রকম, যখন বাঙালি বাঙালি কাজ করছি, তখন ব্যাপারটা অন্য রকম। আমি বলতে চাই, আমার দেশটা ছোট হতে পারে, কিন্তু আমাদের মনমানসিকতা অনেক বড়। আমাদের দেশে যত অনুষ্ঠান হয়, তার থেকে বেশি নিশ্চয়ই কলকাতায় হয়। সেখানে কলকাতার কতজন শিল্পী অংশ নেওয়ার সুযোগ পায় জানি না। বেশির ভাগই মুম্বাই বা অন্য জায়গা থেকে আসেন। আমরা আমাদের এখানে কলকাতা, মুম্বাই, দিল্লি থেকে শিল্পীদের আনি, আমরা অংশ না নিলেও। আমরা চাই, আমাদের এখানে বেশি বেশি করে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সবাই আসুক। এই বিনিময়টা আসলে বড় মানসিকতার ব্যাপার। আমাদের মানসিকতা যে কতটা বড়, এটা তারই প্রমাণ।
আমাদের প্রোফাইলে কিন্তু আমরা কখনোই লিখিনি যে ভারতীয় শিল্পীরা কেন এ দেশে আসছেন। আমার দেশের সমস্যা নিয়ে আমি কথা বলতেই পারি। আমার দেশ ভুগছে, আমি কথা বলতেই পারি। সেটা কারও ভালো না লাগলে সেটা খুবই দুঃখজনক। সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করে মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে।
শাফিন বলেন
সময়টা সংঘবদ্ধ সংগীতচর্চার। ভৌগোলিক পরিসীমায় একে আটকে রাখতে পারবেন না। আমাদের ভক্ত কলকাতায়ও রয়েছে। এ ঘটনায় সবচেয়ে বেশি বঞ্চিত হলো ভক্তরা। একটি ছোট্ট ঘটনার কারণে তারা এমন একটা ঘটনার জন্ম দিল, যেটা আশা করা যায় না। কিছুদিন আগেও ঢাকায় ‘উইন্ড অব চেঞ্জ’ নামের একটি অনুষ্ঠান হয়েছিল। আমরা রাশিয়া, ইন্ডিয়া ও অন্যান্য দেশ থেকে শিল্পী এনেছিলাম। এটা আরও বড় আকারে হতে যাচ্ছে সামনে। আমরা প্ল্যাটফর্মটাকে বড় করার চেষ্টা করছি। আপনারা দেখালেন, আপনারা সেটাকে সংকীর্ণ করছেন। এমন করলে আপনাদের ভুগতে হবে। আপনাদের শ্রোতারা বৈচিত্র্য-বঞ্চিত হবে। অঙ্গনটাকে উন্মুক্ত রাখুন, মনটাকে খুলে দিন। তাহলে আমরা একসঙ্গে কাজ করতে পারব, সংঘবদ্ধ হতে পারব। আমরা জানতাম যে ওই অনুষ্ঠানে ফসিলস বাজাবে বা আরও অনেকে বাজাবে। কে বড় কে ছোট, সেটা মাথায় না রেখে আমরা সানন্দে ওই অনুষ্ঠানে গাইতে যেতে চেয়েছিলাম। কিন্তু আপনাদের মানসিকতা প্রমাণ করল আপনাদের মানসিকতা মুক্ত নয়।
এটাই প্রথম নয়
ভারতের গুজরাটের ভূমিকম্পে সাহায্যার্থে দিল্লিতে ত্রিদেশীয় একটি কনসার্ট হয়েছিল। মাইলস সেখানে গান করেছে। আপনাদের দেশের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কনসার্ট করেছি। কলকাতায় একাধিকবার কনসার্ট করেছি। লোকাল ব্যান্ডদের সঙ্গে কনসার্ট করেছি। সেই বন্ধুত্বটা আজ কোথায় গেল। পুরো চিত্রটা বোধ হয় অনেকখানি বদলে গেছে। যেখানে আমরা একটা সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে অংশ নেওয়ার সুযোগকে স্বাগত জানাই, আপনারা তেমনটা করলেন না। ঢাকার একটা টিভিতে অনুষ্ঠান করতে রূপম এসেছিল, আমি ফোনে তাকে শুভেচ্ছা জানিয়েছি। গান করতে চাইলে, সংগীতে সমৃদ্ধ হতে চাইলে মনটাকে মুক্ত রাখতে হবে। অন্য কোনো ব্যান্ডকে বন্ধ করে আপনি বড় হতে পারবেন না। এটা সমৃদ্ধ হওয়ার পথ নয়, সমৃদ্ধির পথ হচ্ছে, এই হাত প্রসারিত করে স্বাগত জানানো। আমরা ঢাকাতে সেটাই করছি। সব ভারতীয় শিল্পীকে স্বাগতম এবং ফসিলসকেও। ফসিলসের উদ্দেশে বলছি, যেকোনো সময় ঢাকায় আসুন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা নিজেদের কোনো কারণে নয়, ফসিলস যেটা করেছে, সেটার জন্য আমরাই লজ্জা পাচ্ছি। তোমাদের মতো শিল্পীর কাছে এটা আশা করিনি। আমি খুবই দুঃখিত রূপম, তোমার কাছে এটা আশা করি না। তুমি যেটা করেছ, সেটা খুব অ্যামেচারিস্ট একটা মুভমেন্ট। খুবই নোংরামির পরিচয় দিয়েছ।