মুগ্ধতা ছড়াল শিবকুমারের সন্তুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুচিপুড়ি নৃত্য পরিবেশন করছেন যামিনী রেড্ডি ও ভাবনা রেড্ডি l ছবি: আবদুস সালাম
কুচিপুড়ি নৃত্য পরিবেশন করছেন যামিনী রেড্ডি ও ভাবনা রেড্ডি l ছবি: আবদুস সালাম

সন্তুর বাজানোর সময় নিজের মনোযোগ যেন কোনো বাধা না পায়, সে জন্য পণ্ডিত শিবকুমার শর্মা আয়োজকদের দিয়ে অনুরোধ করিয়ে নিলেন, বাদন শুরুর পর মঞ্চের সামনে কেউ যেন হাঁটাহাঁটি না করেন। গতবারও এমন করেছিলেন।
সন্তুরবাদনের প্রথম অংশ কিছুটা ধীরলয়ের। সেটাও মনোযোগ দিয়ে শুনতে বললেন। বললেন, সংগীত মানুষের বিভিন্ন অনুভূতির প্রকাশ। রাগের আলাপ অংশটুকু মনকে শান্তি দেয়। গতবার বলেছিলেন, এটা তাঁর কাছে আরাধনার মতো। কথাগুলো বলার পর শিবকুমার শর্মা ধরলেন রাগ যোগকোষ। তাঁর কাছে নিজের ও দর্শকের মনোযোগ কেন এত গুরুত্বপূর্ণ? এর কিছুটা জবাব হয়তো মিলবে এটা জানলে যে কাশ্মীরের লোকসংগীতের বাদ্যযন্ত্র থেকে একে শাস্ত্রীয় সংগীতের বাদ্যযন্ত্রে পরিণত করার একক কৃতিত্ব শিবকুমার শর্মার।
জীবনের একটা বড় অংশ ব্যয় করেছেন সন্তুরকে আজকের পর্যায়ে নিয়ে আসতে। এত সূক্ষ্ম একটি যন্ত্র বাজাতে নিখাদ মনোযোগ তো লাগবেই। আর মুগ্ধ হয়ে সেই বাদন শুনলেন ঢাকার দর্শকেরা। এ সময় তবলায় ছিলেন পণ্ডিত যোগেশ শামসি।
রাতের শুরুতে স্মরণ করা হয় শিল্পী কাইয়ুম চৌধুরীকে। গত বছরের ৩০ নভেম্বরে শিল্পী মৃত্যুবরণ করেন ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ মঞ্চেই। দেখানো হয় প্রামাণ্যচিত্র ‘নিসর্গের আঁকিয়ে’। এ বছর শাস্ত্রীয় সংগীতের এ উৎসব উৎসর্গ করা হয়েছে তাঁর নামে।
গতকাল পরিবেশনার তালিকায় ছিল শাস্ত্রীয় সংগীতের বড় বড় দিকপালের নাম। শিবকুমার শর্মা তো ছিলেনই, ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ), পণ্ডিত উলহাস কশলকর (খেয়াল)। এ রাতের শেষ পরিবেশনা তবলাশিল্পী ওস্তাদ জাকির হোসেনের। তাই সব মিলিয়ে পরিবেশনাগুলো শুনতে শ্রোতাদের সংখ্যা ছিল আগের দিনগুলোর চেয়ে বেশি।
প্রথমে দক্ষিণ ভারতীয় নৃত্য কুচিপুড়ি নিয়ে মঞ্চে আসেন গুরু রাজা রেড্ডি ও রাধা রেড্ডি। এই দম্পতি ইতিমধ্যে পেয়েছেন ভারতের সংগীত নাটক একাডেমি, পদ্মশ্রী ও পদ্মভূষণের মতো পুরস্কার। অসাধারণ এই পরিবেশনার শুরুতে তাঁরা করেন গণেশবন্দনা। এরপর শিবের নটরাজ রূপ ও তাণ্ডবনৃত্য নিয়ে মঞ্চে আসেন তাঁদের বড় মেয়ে যামিনী রেড্ডি। ছোট মেয়ে ভাবনা রেড্ডি দেখান কৃষ্ণের কালীয় নাগলীলা। দেখান যমুনার জল দূষিত করে মানুষের জন্য ত্রাস বনে যাওয়া এই নাগকে কীভাবে কৃষ্ণ শায়েস্তা করেন। এরপর দুই বোন মিলে দেখান শ্রীকৃষ্ণের রাসনৃত্য। রাজা ও রাধা রেড্ডি দর্শকদের নিয়ে যান মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যেখানে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগী হতে বলেন। রাজা ও রাধা রেড্ডির পুরো পরিবেশনার সময় মঞ্চে বসে সংগীত পরিবেশন করেন লাবণ্য সুন্দরম। বাঁশিতে ছিলেন কিরণ কুমার ও মৃদঙ্গমে বান্না ভাস্কর রাও।
এ পরিবেশনার পর মঞ্চে আসেন শাস্ত্রীয় সংগীত বিশেষজ্ঞ আলিমুর রহমান খান। দুই ভাই গণেশ ও কুমারেশ রাজাগোপালন দক্ষিণ ভারতীয় কর্ণাটকি বেহালা শোনান। এরপর মঞ্চে ওঠেন পণ্ডিত শিবকুমার শর্মা।
মেতেছিল বেহালা-মৃদঙ্গম-খেয়ালে: রাতের দ্বিতীয় ভাগে ড. এন রাজম মঞ্চে ওঠেন তাঁর মেয়ে ড. সংগীতা শঙ্কর এবং দুই নাতনি রাগিণী ও নন্দিনী শঙ্করকে নিয়ে। একসঙ্গে তিন প্রজন্মের বেহালাবাদন ছিল সত্যি অনবদ্য। রাগ বাগেশ্রীর পর তাঁরা রাগ খামাজে পরিবেশন করেন একটি ঠুমরি।
এন রাজম রাগ মালকোষের একটি সুর বাজিয়ে দেখিয়ে দিলেন তন্ত্রকারীর সঙ্গে তাঁর গায়কি অঙ্গের (শৈলী) পার্থক্য। শেষ পরিবেশনায় তাঁরা বেহালায় ‘গাইলেন’ নজরুল ইসলামের গান ‘ব্রজগোপী খেলে হরি’।
জনপ্রিয় খেয়াল গায়ক বিদুষী শুভা মুদগাল মঞ্চে এলেন সবার শেষে। তেমন কথা বললেন না তিনি। একের পর এক খেয়ালে নিখোঁজ করেন শ্রোতাদের। তিনি গাইলেন রাগ ভাতিয়ার, রাগ রামকেলিতে দুটি খেয়াল গাওয়ার পর তিনি তাঁর গুরু পণ্ডিত রামশ্রেয়া ঝাঁ রচিত একটি রাগমালা মিশ্র বন্দিশ শোনান।
আজ উৎসবের শেষ রাত: আজ রাতে আলারমেল ভেল্লি পরিবেশন করবেন ভরতনাট্যম। সুরবাহার নিয়ে মঞ্চে আসবেন ইরশাদ খান। সামিহান কশলকর খেয়াল গাইবেন। সেতারে থাকবেন ওস্তাদ সুজাত খান। ওস্তাদ রশিদ খানের পরিবেশনা থাকবে এরপর। উৎসব শেষ হবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি দিয়ে।