মুজিবনগর মাতালেন বরেণ্য শিল্পীরা

কখনো জোরে, কখনো টিপটিপ বৃষ্টির মধ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগরে গান গেয়ে মাতালেন সুবীর নন্দী, শাকিলা জাফর, ফরিদা পারভীনসহ দেশবরেণ্য শিল্পীরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা
প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃষ্টির কারণে বসার চেয়ার মাথায় নিয়ে হাজারো দর্শক অপেক্ষা করেছেন। রাত আটটায় টিপটিপ বৃষ্টির মধ্যে ভেজা মঞ্চে উঠলেন সুবীর নন্দী। ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি দিয়ে শুরু করে ‘ও আমার উড়াল পঙ্খিরে’র মতো তাঁর জনপ্রিয় কয়েকটি গান গাইলেন।
শাকিলা জাফর ‘তুমি আমার প্রথম সকাল’সহ কয়েকটি জনপ্রিয় গান গাইলেন।
এরপর লালনগীতিশিল্পী ফরিদা পারভীন মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘বাবা চাকরি করতেন। সেই সুবাদে মেহেরপুরে আমার শৈশব-কৈশোর কেটেছে। গানের হাতেখড়ি মেহেরপুরে। সেই আনন্দ নিয়ে গান গাইতে এসেছি।’ তিনি ‘এই পদ্মা এই মেঘনা’ দিয়ে শুরু করে লালনের জনপ্রিয় কয়েকটি গান গাইলেন।
এরপর গান করলেন শাহনাজ বেলী, পথিক নবী, বালাম, প্রতীক হাসান ও নিত্যভূমি ব্যান্ড দল। রাত ১১টা পর্যন্ত জেগে অনুষ্ঠান উপভোগ করেন ১০ সহস্রাধিক দর্শক।