মুঠোফোনে আসিফ ইকবালের 'আমি ছুঁয়ে দিলেই'

আসিফ ইকবালের কথায় ‘অনন্যা’, ‘মা’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’, ‘তুমি বরুণা হলে’ এবং ‘অন্তহীন’ গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন ও পুরোনো অনেক শিল্পীর কণ্ঠে তাঁর লেখা গান পেয়েছে ভিন্নমাত্রা। এবারের ঈদে আসছে আসিফ ইকবালের কথায় মিশ্র গানের একটি অ্যালবাম। ‘আমি ছুঁয়ে দিলেই’ শিরোনামের এই অ্যালবামটি আনছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। শুরুর ছয় মাস গ্রামীণফোনের মিউজিক রেডিওতে গানগুলো শোনা যাবে বলে জানান আসিফ ইকবাল।
‘আমি ছুঁয়ে দিলেই’ অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নকিব খান, শাকিলা জাফর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কনক চাঁপা ও ন্যান্সি। নয়টি গান দিয়ে সাজানো এই অ্যালবামের সুরকার নকিব খান ও মাইনুল ইসলাম খান। আর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার ও মীর মাসুম।
আসিফ ইকবাল বলেন, ‘স্বপ্ন ছিল নকিব ভাইয়ের সঙ্গে পুরো একটা অ্যালবামের কাজ করব। স্বপ্নটা পূরণ হতে চলেছে। এর আনন্দ অন্যরকম। নকিব খান আর মইনুল ইসলাম খান গানের সুরগুলো অসাধারণ করেছেন। প্রত্যেক শিল্পীও বেশ মমতায় আর ভালোবাসায় গানগুলো গেয়েছেন। আমার প্রতি এ মানুষগুলোর আন্তরিকতা আর ভালোবাসা আমাকে ঋণী তো করেছেই, ঋদ্ধও করেছে|’
আসিফ ইকবাল এও বলেন, ‘পুরো এক বছর ধরে অ্যালবামটির কাজ করেছি। শুরুর দিকের লেখা গান থেকে শুরু করে এই সময়ে লেখা গান দিয়ে সাজানো এই অ্যালবাম। আমার গান লেখার পুরো সময়কে ধারণ করেছি ‘‘আমি ছুঁয়ে দিলেই’’ অ্যালবামে।’
‘আমি ছুঁয়ে দিলেই’ অ্যালবামের গানগুলোর জন্য শিল্পীদেরও পরিশ্রমের শেষ ছিল না। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিফ ইকবাল বলেন, ‘এই অ্যালবামে জড়িয়ে আছে শিল্পীদের ভালোবাসা। ন্যান্সির ময়মনসিংহ থেকে বাসে করে ঢাকায় আসা এবং গানে কণ্ঠ দিয়ে আবার রাতে ফিরে যাওয়া! ফাহমিদা নবীর পুরো তিন দিন সব দায়িত্ব নিয়ে কাজ করা, নকিব ভাইয়ের অনেক ক্রাইসিসের মধ্যে সময় বের করা অথবা মইনুল ভাইয়ের সঙ্গে কোন অ্যালবামে গানগুলো যাবে এই নিয়ে টানাটানি-এ রকম অনেক টুকরো টুকরো ঘটনা মিলিয়েই এই অ্যালবাম। গানচিলের ঘরের মানুষদের একান্ত চেষ্টা ছাড়া এ অ্যালবাম আলোর মুখ দেখত না। গ্রামীণফোনের কর্মকর্তাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।’