মূসক দিবসের গানে এন্ড্রু কিশোর ও কোনাল

মূসক দিবসের দুই যুগ পূর্তি হচ্ছে ১০ জুলাই। এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে একটি থিম সং বানানো হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কোনাল।
‘আঁধার গুছিয়ে হাসছে স্বদেশ, সমৃদ্ধিতে ভাসছে এ দেশ’ শিরোনামের গানটি লিখেছেন মারুফুল ইসলাম। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। গত সোমবার মগবাজারে রেশ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শিল্পীরা। প্রথম আলোকে এন্ড্রু কিশোর বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। সুরটাও মনে ধরেছে। তাই এতে কণ্ঠ দিলাম। বাকিটা শ্রোতারা শোনার পরই বুঝতে পারবেন, কেমন গেয়েছি।’ এ নিয়ে কোনাল বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সমাজের কাছে দায়বদ্ধ। তাই তো সামাজিক সচেতনতাধর্মী যেকোনো কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।’
মূসক দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড ১০ জুলাই সকালে একটি শোভাযাত্রা বের করবে। শোভাযাত্রা কমিটির আহ্বায়ক ও কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেশের উন্নয়ন, সমৃদ্ধিতে মূসক অনেক বড় ভূমিকা রাখছে। অথচ এই প্রতিষ্ঠানের একটি থিম সং নেই। মূসকের ব্যাপারটি সবার কাছে আরও ছড়িয়ে দিতে গানটি তৈরি করেছি।’
আগামীকাল গানটির ভিডিওর শুটিং হবে। এতে অংশ নেবেন এন্ড্রু কিশোর ও কোনাল। সম্পাদনার পর গানটি বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে ফিলার হিসেবে প্রচার করা হবে।