মৃত্যুর আগে শেষ কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোর্ড ডাউনি
গোর্ড ডাউনি

দ্য ট্র্যাজিক্যালি হিপ। নামেই যেন শোকের ছায়া বয়ে বেড়ায় ব্যান্ডটি। কিন্তু নিজেদের গানে মাতিয়ে তোলে ভক্তদের। নিজেদের মনে সদা শোকের কালো মেঘ ভাসে। সেই শোক ছড়িয়ে গেল এবার ভক্তকুলেও। ব্যান্ডটির কণ্ঠশিল্পী গোর্ড ডাউনি জীবনের শেষ কনসার্ট করলেন সম্প্রতি। জানিয়ে দিলেন, আর গাইবেন না গান, ব্রেইন ক্যানসার রুদ্ধ করে দিয়েছে সেই দরজা। মৃত্যুর আগে তাই শেষ কনসার্ট করে গেলেন তিনি।
২০ আগস্ট কানাডার ওন্টারিওর কিংস্টোন শহরে ছিল এই বিদায়ী কনসার্ট। সেদিন শহরের রজার্স কে-রক সেন্টার ছিল কানায় কানায় দর্শকপূর্ণ। ছাড়ার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় সব টিকিট। সাধারণ শ্রোতার পাশাপাশি দর্শকসারিতে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। ব্যান্ডটি সম্পর্কে ট্রুডো বললেন, ‘৩০ বছর ধরে এরা কানাডার জন্য গান করছে।’ কনসার্ট শেষে ট্রুডো টুইট করেন, ‘আজীবন তোমরা আমাদের হৃদয়ে থাকবে আর প্লে লিস্টেও।’ তিনি ডাউনির সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন।
দ্য ট্র্যাজিক্যালি হিপের শেষ কনসার্টটি পুরো দেশে এতই সাড়া ফেলে যে দর্শকচাহিদার কথা মাথায় রেখে আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হয় টিভি চ্যানেলে। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় জনসমক্ষে দেখানোও হয় এটি। কানাডার এই সংগীত কিংবদন্তিকে সম্মান জানানোর জন্য কনসার্টের দিনকে ‘দ্য ট্র্যাজিক্যালি হিপ ডে’ হিসেবেও ঘোষণা করা হয়।
৫২ বছর বয়সী গোর্ড ডাউনি গত মে মাসে তাঁর অসুস্থতার কথা জানিয়েছিলেন। এবার জীবনের শেষ কনসার্টে জানিয়ে দিলেন তাঁর জীবনসায়াহ্নের কথা। এ সংবাদে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো কানাডা।
১৯৮০ সালের দিকে দ্য ট্র্যাজিক্যালি হিপের যাত্রা শুরু হয়। ব্লুজ ও রক ঘরানার গান গাইত তারা। স্থানীয় কলেজ ব্যান্ড হিসেবে যাত্রা করেছিল দলটি। তারপর একে একে করে ফেলে ১৪টি অ্যালবাম। তবে তাদের সব গান কানাডার শ্রোতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাদের গানগুলো হয়ে উঠেছিল জাতীয় পরিচয়ের অংশ।