মেটালিকার জন্য গাগার ট্যাটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানের দল মেটালিকা ও লেডি গাগার পরিবেশনা
গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানের দল মেটালিকা ও লেডি গাগার পরিবেশনা

গত রোববার ছিল লেডি গাগার জীবনের স্মরণীয় দিন। এমনকি গাগার ভক্তদেরও আনন্দ আর উচ্ছ্বাসে রোববার যেন মাটিতেই পা পড়েনি। কারণ, গাগা রোববার অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান করেছে জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেটালিকার সঙ্গে। আর সেই স্মরণীয় পরিবেশনার স্মৃতিকে সারা জীবন নিজের সঙ্গে বেঁধে রাখতে গাগা তাঁর গায়ে এঁকেছেন মেটালিকার ট্যাটু।

লেডি গাগা প্রথমে তাঁর ট্যাটুর ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, গাগার খোলা পিঠে বসে আছে বিরাট এক প্রজাপতি। সেই প্রজাপতির মুখাবয়ব মানুষের খুলির মতো। প্রজাপতির চারপাশজুড়ে এমনভাবে দাগ কাটা যেন সে জ্বলছে আগুনে। পরে জানা যায় মেটালিকার নতুন গান ‘মথ ইনটু ফ্লেম’ গানের শিরোনামের সঙ্গে ট্যাটুর মিলের কথা।

রোববার গ্র্যামি অনুষ্ঠানে গাগা একটি পিঠখোলা গাউন পরে লালগালিচায় হাঁটেন। সে সময় অনুষ্ঠানে আগত সবাই মেটালিকাকে উৎসর্গ করে আঁকা গাগার ট্যাটুটি স্পষ্ট দেখতে পান।

গ্র্যামির রেড কার্পেটে পিঠখোলা গাউনে লেডি গাগা।
গ্র্যামির রেড কার্পেটে পিঠখোলা গাউনে লেডি গাগা।

এটাই গাগার প্রথম গানসংক্রান্ত কোনো ট্যাটু নয়। এর আগে গত বছরের গ্র্যামি অনুষ্ঠানে লেডি গাগা প্রয়াত ডেভিড বাউয়িকে উৎসর্গ করে একটি পরিবেশনায় অংশ নেন। ট্যাটু একে সেই পরিবেশনার স্মৃতিও গাগা নিজের করে রেখেছেন। তা ছাড়া নিজের ফুপুকে স্মরণ করে ‘জোয়ান’ নামে একটি গানের অ্যালবাম রয়েছে লেডি গাগার। সেই অ্যালবামের নামে গাগা ও তাঁর বাবা একই রকমের ট্যাটু এঁকেছেন দুজনের হাতে। পিপল।