মেন্টালের গানের সুর নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান-ডাব্বু
ইমরান-ডাব্বু

মেন্টাল ছবিতে ভারতের সংগীতশিল্পী শানের গাওয়া ‘বলতে বাকি কত কি’ গানের সুরকার ও সংগীত পরিচালক হিসেবে বলা হচ্ছে কলকাতার ডাব্বুর নাম। এদিকে, ২০ জানুয়ারি একই সুরে ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামে একটি গান ইউটিউবে প্রকাশ করেছেন বাংলাদেশের তরুণ গায়ক ও সংগীত পরিচালক ইমরান। প্রকাশের পরপরই গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গানটির সুর নকলের অভিযোগ উঠেছে। একদিকে, গানটির মূল সুর চুরি করা হয়েছে বলে দাবি করেছেন ইমরান। অন্যদিকে, কলকাতার সংগীত পরিচালক ডাব্বুও তাঁর সুর নকল করার দাবি তুলেছেন।

গানটির মূল সুর ও সংগীত নিজের দাবি করে ইমরান বলেন, ‘“মেন্টাল” ছবির পক্ষ থেকে গত বছরের মে মাসে আমাকে “বলতে বাকি কত কি” গানটির সুর, সংগীত করার পাশাপাশি কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন গীতিকার অভি। অনেক পরিশ্রম করে গানটি চূড়ান্তভাবে তৈরি করি আমি। গানটি তাঁদের পছন্দ হয়েছে বলেও আমাকে জানানো হয়। “মেন্টাল” ছবির জন্য গানটি চূড়ান্ত হলে আমি বিভিন্ন অনুষ্ঠানে সেটি গাওয়া শুরু করি। কিছুদিন পর ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার মনোমালিন্য হয়। এরপর সিদ্ধান্ত নিই গানটি আমি তাঁদের দেব না। আমার করা সুর ও সংগীত রেখে গানটির কথাগুলো ফিরিয়ে দিই। তাঁদের অনুরোধ করি, গানটি নতুন করে করা হলে আমার সুর ও সংগীত যেন ব্যবহার করা না হয়। সেই শর্তে তাঁরা গানটি ফেরত নেন।’ 

গানটি তৈরির প্রস্তাবের দিন থেকে শুরু করে তৈরি হওয়া পর্যন্ত ফেসবুক, ইমেইলে গীতিকার অভির সঙ্গে ইমরানের কথোপকথনের সব তথ্য, এমনকি দুজনের মধ্যে গানটির ডেমো ভার্সন আদান-প্রদানের প্রমাণ হিসেবে সমস্ত তথ্য নিজের কাছে সংরক্ষিত আছে বলে জানিয়েছেন ইমরান।
এদিকে ‘মেন্টাল’ ছবির ‘বলতে বাকি কত কি’ গানের জন্য করা সুর ও সংগীত ব্যবহার করে শফিক তুহিনের লেখা ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামে একটি নতুন গানে নিজেই কণ্ঠ দেন ইমরান।
‘মেন্টাল’ ছবির গানটি তৈরির সময় ইমরানের সঙ্গে সব সময় সমন্বয়কারী হিসেবে ছিলেন গানটির গীতিকার অভি। দুই দিন ধরে মুঠোফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ব্যস্ততার দোহাই দিয়ে কয়েকটি খুদেবার্তা পাঠালেও গানটির সুর ও সংগীত প্রসঙ্গে কিছু জানাননি।
‘বলতে বাকি কত কি’ গানটি প্রসঙ্গে কথা হয় কলকাতার সংগীত পরিচালক ডাব্বুর সঙ্গে। তাঁর দাবি, গানটিতে যে সুর ব্যবহৃত হয়েছে সেটি তাঁরই।
গতকাল শনিবার সকালে মুঠোফোনে কথা প্রসঙ্গে প্রথম আলোকে ডাব্বু বলেন, ‘“মেন্টাল” ছবির প্রযোজকের সঙ্গে “বলতে বাকি কত কি” গানটি নিয়ে গত বছরের মার্চ মাসের শুরুর দিকে কথা হয়। চুক্তি অনুযায়ী একই মাসের শেষ দিকে গানটিতে কণ্ঠ দেন শান। এরপরই পুরো প্রজেক্টটা তাঁদের দিয়ে দিই। আমার করা এই গানটি ছবির প্রথম গান হিসেবে জানি। এত দিন পর কেন গানটি নিয়ে কথা উঠছে, তা বুঝতে পারছি না। বাংলাদেশে আমার করা এই গানের সুর নিয়ে যা হচ্ছে, তার কারণ আমি জানি না। তা ছাড়া আমাকেই বা কেন এসবে জড়ানো হচ্ছে, সেটাও আমার মাথায় আসছে না।’
এদিকে শনিবার সন্ধ্যায় গায়ক শানের সঙ্গে কথা বলে জানা গেছে ভিন্ন কথা। প্রথম আলোর সঙ্গে আলাপে শান বলেন, ‘মাস দেড়েক আগে “বলতে বাকি কত কি” গানটিতে আমি কণ্ঠ দিই।’
বিষয়টি নিয়ে ‘মেন্টাল’ ছবির পরিচালক শামীম আহমেদ রনিকে জিজ্ঞেস করা হলে বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান তিনি। বলেন, ‘দয়া করে আমাকে এসবের মধ্যে জড়াবেন না।’