মেয়ের সঙ্গে নতুন গানে সাবিনা ইয়াসমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের সঙ্গে সাবিনা ইয়াসমিন
মেয়ের সঙ্গে সাবিনা ইয়াসমিন

আট বছর আগে ‘প্রতিচ্ছবি’ নামের দ্বৈত অ্যালবামে মেয়ে বাঁধনের সঙ্গে একসঙ্গে শেষ গান গেয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আট বছর পর আবারও মা-মেয়ে একসঙ্গে অ্যালবামে গান করছেন। বাঁধনের তত্ত্বাবধানে এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং হয়েছে। বাকি কাজটাও এ বছরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ বছরের “মা” দিবসে আমাদের প্রথম দ্বৈত অ্যালবামের “প্রাণের চেয়ে প্রিয়” গানটি গেয়েছিলাম। তখন থেকেই অনেকে উত্সাহ দিচ্ছিলেন আমাদের আরেকটি অ্যালবামের জন্য। তাই দুজনেই সানন্দে অ্যালবাম আয়োজনে এগিয়ে এসেছি।’

সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন এনআরবি গ্লোবাল ব্যাংকের মানবসম্পদ বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করছেন। গান প্রসঙ্গে তিনি বলেন, ‘অফিস থেকে বাসায় ফেরার পর নিয়মিত গানের রেয়াজ করি।’

বাঁধন বলেন,‘মায়ের উত্সাহে এবারের অ্যালবামে আমরা দুজন চারটি দ্বৈত গানে কণ্ঠ দেব। মা এখন যুক্তরাষ্ট্রে আছেন। ফেরার পর বাকি গানগুলোতে কণ্ঠ দেওয়ার কাজ শেষ হবে।

সাবিনা ইয়াসমিন ও বাঁধনের অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রাজেশ ঘোষ ও মহিদুল হাসান।

এদিকে ‘ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টের পেট্রন হিসেবে দুস্থ শিশুদের সাহায্যার্থে গান গাইতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিনা ইয়াসমিন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, অরল্যান্ডো, ফ্লোরিডা, নিউজার্সি ও শিকাগোর আটটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন তিনি।