মেশিনের মতো একের পর এক গান দেওয়া যাবে না

মিলাছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর আগে সর্বশেষ প্রকাশিত হয় মিলার গান। ‘নাচো’ শিরোনামের সেই গানের পর এবার করোনাকালে প্রকাশিত হয়েছে ‘এইসসালা’। গাওয়ার পাশাপাশি এই গানের সুর ও সংগীত করেছেন তিনি। গানটিসহ অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে

প্রশ্ন :

‘নাচো’ গানের পর নতুন গান প্রকাশ করতে এত সময় নিলেন কেন?

আমি তো সিডির যুগের। এর মধ্যে আমাদের সংগীতাঙ্গনের দৃশ্যপটও বদলে গেল। সবাই অনলাইননির্ভর হয়ে গেল। এর মধ্যে আমার ব্যক্তিগত কিছু ইস্যুর কারণে গান থেকে দূরে ছিলাম। তারপরও অপেক্ষা করছিলাম নতুন গান প্রকাশের। শুরু হয়ে গেল করোনা। আমরা কেউই বুঝতে পারছিলাম না কী হচ্ছে, কী হবে! এরপর ভাবলাম, এত চিন্তা করেও লাভ নেই। গান ছাড়িই না, দেখা যাক কী হয়। সেই ভাবনা থেকে আমার নিজের ওপরে ধারণ করা ডকুমেন্টারি থেকে ‘এইসসালা’ গানটি করা।

মিলা
ছবি:সংগৃহীত

প্রশ্ন :

গানটি সম্পর্কে কিছু বলুন...

দেশের সব ডিস্ক জকিকে এই গান উৎসর্গ করেছি। এটি মূলত ক্লাব ঘরানার গান। তাই ভিডিওটাও জমকালো আয়োজনে করা হয়েছে। এই মহামারিতে আমি একটা বিষয় উপলব্ধি করেছি যে এমন একটা গান করা দরকার, যা মানুষকে হতাশার মধ্যেও আনন্দ উদযাপন করতে অনুপ্রাণিত করবে। আমি চেয়েছি এই গানের সঙ্গে নেচে-গেয়ে শ্রোতারা মহামারির এই বছরটাকে মুছে ফেলুক।

মিলা
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

এখন থেকে কি নিয়মিত নতুন গান প্রকাশ করবেন?

মেশিনের মতো একের পর এক গান দেওয়া যাবে না। দর্শক গান চাইছে, তাই বলে গান দেওয়ার মানে হয় না। গান তৈরির পর আমি যখন নিজে সন্তুষ্ট হব, তখনই প্রকাশ করব। সংখ্যা বাড়ানোর জন্য একটার পর একটা গান দেওয়া যাবে না।

মিলা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনাকে মঞ্চে নিয়মিত দেখা যায় না...

আমি কিন্তু স্টেজ শো থেকে কখনোই বিচ্ছিন্ন ছিলাম না। তবে গান গাওয়া কমিয়ে দিয়েছিলাম। এমনিতেও যে শুরু থেকে অনেক গান প্রকাশ করেছি, তা–ও না। এখন পর্যন্ত তিনটা একক অ্যালবাম প্রকাশিত হয়েছে, ভাগ্যক্রমে সব কটি গান শ্রোতাদের ভালো লেগে যায়।

মিলা
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

নতুন করে জীবন সাজানোর পরিকল্পনা আছে?

সময় যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে। কাজ করছি, কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। বিয়ে–সংক্রান্ত কিছুই এখন মাথায় নেই।

প্রশ্ন :

গান নিয়ে এখন কী ভাবছেন?

শিল্পী হিসেবে গান তো সারা জীবন গেয়েই যাব। আমি যখন মঞ্চে থাকি, দর্শকেরা যেভাবে উচ্ছ্বাস ও উৎসাহ দেখায়— তখনকার চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু আছে বলে মনে হয় না। এই অনুভূতি নিয়ে থাকতে চাই।

মিলা
ছবি : সংগৃহীত