মেয়ের কারণে আমি সাহানা বাজপেয়ী

রবীন্দ্রসংগীত ও লোকগান পরিবেশনায় অসামান্য অবদানের জন্য সাহানা বাজপেয়ীকে বাংলার প্রাইড পুরস্কারে সম্মানিত করা হলো। যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন হাউস অব কমন্সে গতকাল গুণী এই শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। নিজের ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাহানা।
সাহানা বাজপেয়ীর ছোটবেলা কেটেছে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। মা-বাবা দুজনই অধ্যাপনা করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত শান্তিনিকেতনে থাকাকালীন সাহানার সংগীতের হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। মাত্র তিন বছর বয়সেই প্রথম গান শেখেন। পরবর্তী সময়ে তিনি বিজয় সিনহা, স্বস্তিকা মুখোপধ্যায়, দিলীপ কর্মকার, চিত্রা রায়, শ্যামলী বন্দ্যোপাধ্যায়, চন্দন মুনশী এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতের তালিম নেন। ছোটবেলা থেকে গিটার বাজিয়ে, পিয়ানো বাজিয়ে আর এসরাজের সঙ্গে গান করেন সাহানা।
দুই বাংলার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সাহানা বাজপেয়ীকে দেওয়া হলো দ্য বেঙ্গল’স প্রাইড পুরস্কার। বাংলার প্রাইড পুরস্কারটি প্রথমবারের মতো দেওয়া হচ্ছে। এ পুরস্কারটি প্রদান করেছে এশিয়ান ভয়েজ ও গুজরাজ সমাচার নামের পত্রিকা। এগুলো ব্রিটিশ-এশিয়ান কমিউনিটির সবচেয়ে পুরোনো সংবাদপত্র ও সাপ্তাহিক পত্রিকা। এই সম্মাননা প্রদানের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাভাষী প্রবাসীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার সম্পর্কে সাহানা বলেন, ‘এমন একটি পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় সত্যিই আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমার এ ক্যারিয়ারের পেছনে প্রত্যেক মানুষের অবদান রয়েছে। তাঁদের প্রতি ভালোবাসা।’
সাহানা বাজপেয়ী তাঁর পুরস্কারটি একমাত্র মেয়ে রোহিণীকে উৎসর্গ করেছেন। মেয়েকে উদ্দেশ করে সাহানা বলেন, ‘মেয়ের কারণে আজকের আমি তৈরি হতে পেরেছি। এই পুরস্কার তাকেই উৎসর্গ করছি। বিশ্বের নানা প্রান্তে আমি যে গান গাইতে যাই, এ বিষয়ে আমার মেয়ের কিন্তু কোনো অভিযোগ নেই। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি।’
কিছুদিন আগে রবীন্দ্র ও লোকগানের জনপ্রিয় এই শিল্পী ঢাকা ঘুরে গেছেন। এটি ছিল ঠিক ১০ বছর পর তাঁর ঢাকায় আসা। এত বছর পর ঢাকায় এসে তিনি পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন, ঘুরেছেন। টেলিভিশনের গানের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।
এর আগে আট বছর ঢাকায় ছিলেন সাহানা বাজপেয়ী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিয়ে করেছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবকে। একসময় তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ওই সময় সাহানা বাজপেয়ীর গাওয়া কিছু গান তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়। অর্ণবের জন্য গানও লিখেছেন সাহানা। অর্ণবের গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য `হারিয়ে গিয়েছি', `তোমার জন্য নিলচে তারা', `একদিন', `তুই গান গা'। সাহানা বাজপেয়ী এখন স্থায়ীভাবে আছেন লন্ডনে। সেখানে ইউনিভার্সিটি অব লন্ডনে বাংলা পড়াচ্ছেন।