মেয়ের বাবা হলেন সন্ধি

এভাবেই জীবন কাটে,/ কেউ আসে, কেউ যায়/ সময় শুধু বয়ে চলে/ আপন ঠিকানায়। মেয়ের বাবা হওয়ার পর নিজের ফেসবুকে এভাবেই খবরটা সবাইকে জানিয়েছেন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীতপরিচালক সন্ধি। আজ শনিবার সকালে কথা হয়েছে সন্ধির সঙ্গে।
সন্ধি বলেছেন, ‘বাবা হওয়ার পর আমার বাবার (সংগীত শিক্ষক ও শিল্পী খোদাবক্স সানু) কথা খুব মনে পড়ছে। বাবা বেঁচে থাকলে দেখতে পেতেন নতুন সানু এসেছে। হয়তো তাঁর থেকে খুশি আর কেউ হতো না।’
সন্ধি জানান, স্ত্রী ঊর্মি আর মেয়ে সংস্কৃতি সানুকে নিয়ে তিনি এখন আছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। সন্ধি তাঁর মেয়ের নাম রেখেছেন সংস্কৃতি সানু। ভাইয়ের মেয়েকে নিয়ে দারুণ খুশি সংগীত ও অভিনয়শিল্পী স্বাগতা ও সভ্যতা। তাঁরা দুজন আনন্দে প্রায় চিৎকার করেই জানালেন, তাঁরা এখন ফুপু হয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধির স্ত্রী ঊর্মির অস্ত্রোপচার করেন চিকিৎসক নাসিমা শাহীন। মা আর মেয়ে দুজনই সুস্থ আছে।
বাবা হওয়ার অনুভূতি জানতে চাইলে সন্ধি বলেন, ‘বলে বোঝাতে পারব না। আমাদের পরিবার আর নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চাইছি।’